Logo

খেলা

ডারউইন টেস্টের তৃতীয় দিনও বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৫:৪৩

ডারউইন টেস্টের তৃতীয় দিনও বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের পেস আর স্পিনের ফাঁদে ফেলে নাজেহাল করা; এমন দৃশ্য ক্রিকেট বিশ্বে হরহামেশা দেখা যায় না। তবে ডারউইন টেস্টে ঠিক এই অসাধারণ কাজটাই করে দেখাচ্ছে বাংলাদেশ। ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে এখনো এগিয়ে বাংলাদেশ। 

তবে দিনের শেষভাগে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর চেষ্টা ম্যাচে নতুন মোড় নিয়েছে। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছে স্বাগতিকরা। ফলে বাংলাদেশের লিড কমে দাঁড়িয়েছে ৬৭ রানে।

দিনের শুরুটা অবশ্য বাংলাদেশেরই ছিল। ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শেষ চার উইকেটে আরও ৭৫ রান যোগ করে সফরকারীরা। এর বড় অবদান মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ইনিংস। লোয়ার অর্ডারের ব্যাটারদের ছোট ছোট অবদানেও বাংলাদেশের লিড ২২৮ রানে পৌঁছে যায়।

বাংলাদেশের ইনিংস থামাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন জশ হ্যাজলউড। মিরাজকে ফেরানোর পর শেষ উইকেট হিসেবে এবাদত হোসেনকেও আউট করে ৬ উইকেট পূর্ণ করেন এই পেসার। একই সঙ্গে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা অস্ট্রেলিয়ারও ভালো হয়নি। নতুন বলে হাসান মাহমুদের আঘাতে জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড দ্রুত ফিরে যান। হেডকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বোল্ড করেন হাসান।

এরপর মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। লাবুশেন ৩১ রান করে তাইজুল ইসলামের বলে বোল্ড হন। স্মিথও ফিফটির কাছাকাছি গিয়ে থামেন। ৮৮ বলে ৪৪ রান করা এই অভিজ্ঞ ব্যাটারকে নিজের বলে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ। দিনের শেষভাগে আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি মিলে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন। গ্রিন ৪৩ এবং ক্যারি ১৯ রানে অপরাজিত আছেন।

৫৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। বাংলাদেশ এখনো ৬৭ রানে এগিয়ে। তৃতীয় দিনের প্রথমার্ধ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকলেও শেষ সেশনে অস্ট্রেলিয়ার প্রতিরোধ চতুর্থ দিনের লড়াইকে বেশ জমিয়ে দিয়েছে।


বাংলাদেশের খবর/এইচআর


আরও পড়ুন

ডারউইনে দ্বিতীয় দিনেও টাইগারদের দাপট, ১৫৩ রানের লিড

‎ডারউইনে চলছে টাইগারদের রাজত্ব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন