Logo

খেলা

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে সাময়িক নিষিদ্ধ নিক কিরিওস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:৩৬

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে সাময়িক নিষিদ্ধ নিক কিরিওস

উপস্থিত বুদ্ধিমত্তা ও অসাধারণ দক্ষতার পাশাপাশি বিতর্কিত আচরণের জন্য সুপরিচিত অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরিওস নিষিদ্ধ পদার্থের পরীক্ষায় পজিটিভ হয়ে পেশাদার টেনিস থেকে সাময়িকভাবে সাময়িক বরখাস্ত হয়েছেন।

নিষিদ্ধ ঘোষিত উদ্দীপক ড্রাগ কোকেন’ সেবনের দায়ে আন্তর্জাতিক টেনিস সততা সংস্থা (আইটিআইএ) তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ২০০২ সালের উইম্বলডন ফাইনালিস্ট এই টেনিস তারকা।

আইটিআইএ -এর আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, গত ২২ জুন স্পেনের মেলোর্কায় অনুষ্ঠিত এটিপি ২৫০ টুর্নামেন্ট চলাকালীন ৩১ বছর বয়সী কিরিওসের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)-র স্বীকৃত গবেষণাগারে পরীক্ষার পর তার নমুনায় কোকেনের উপস্থিতি (বেনজয়েলেকগোনিন) নিশ্চিত করা হয়।

ওয়াডার নিয়ম অনুযায়ী প্রতিযোগিতাকালীন সময়ে কোকেন সেবন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর জন্য তাৎক্ষণিক সাময়িক নিষেধাজ্ঞা বাধ্যতামূলক। গত ৪ আগস্ট থেকেই কিরিওসের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, তবে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে তার।

ঘটনার পরপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ আবেগঘন পোস্টের মাধ্যমে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন কিরিওস। পোস্টটিতে তিনি নিজের ভুল স্বীকার করে লেখেন, আমি এক বিরাট ভুল করে ফেলেছি এবং এর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছি। আমার ভক্ত, পরিবার, স্পন্সর এবং বিশেষ করে আমাকে অনুসরণ করা শিশুদের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন যে, গত কয়েক বছরের শারীরিক আঘাত ও দীর্ঘদিনের ইনজুরি তাকে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত করে তুলেছিল। ক্যারিয়ারের শেষের দিনগুলোর মুখোমুখি হওয়া তার জন্য অত্যন্ত কঠিন ছিল বলেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি, তবে এটি কোনো অজুহাত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিতর্কিত এই টেনিস তারকা আপাতত আগামী ২৮ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসম্মুখ থেকে দূরে থেকে নিজের মানসিক স্বাস্থ্য ও সামাজিক পুনর্বাসনে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন।

ওয়াডার বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো অ্যাথলেট যদি প্রতিযোগিতার বাইরে কোকেন গ্রহণ করেন এবং অনুমোদিত পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হন, তবে তার নিষেধাজ্ঞার মেয়াদ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এক থেকে তিন মাসে নামিয়ে আনা সম্ভব। টেনিস বিশ্বের সবচেয়ে বর্ণিল ও খামখেয়ালী চরিত্রের অন্যতম কিরিওসের এই আকস্মিক পতন তার ভবিষ্যৎ ক্যারিয়ারকে আরও বড় অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন