Logo

খেলা

১২০ মিলিয়ন পাউন্ড চুক্তিতে লিভারপুল বারকোলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৪৮

১২০ মিলিয়ন পাউন্ড চুক্তিতে লিভারপুল বারকোলা

গ্রীষ্মকালীন দলবদলের ডেডলাইনের ঠিক মুখে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর সাথে দরকষাকষিতে বড় সাফল্য পেয়েছে লিভারপুল। ২৩ বছর বয়সী ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে অ্যানফিল্ডে ওড়াতে ১২০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১০০ মিলিয়ন মূল ফি এবং ২০ মিলিয়ন অ্যাড-অনস) একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক কাঠামোতে পৌঁছাতে সক্ষম হয়েছে অলরেডরা।

চলতি দলবদলে শুরু থেকেই লিভারপুলের প্রধান টার্গেট ছিলেন ব্র্যাডলি বারকোলা। কিন্তু পিএসজি প্রাথমিক অবস্থায় ১৪৫ মিলিয়ন পাউন্ড (১৭০ মিলিয়ন ইউরো) দাবি করায় দলবদলটি ঝুলন্ত অবস্থায় ছিল। অবশেষে মঙ্গলবার রাতে দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর ফরাসি চ্যাম্পিয়নরা তাদের অবস্থান শিথিল করে দর কমাতে সম্মত হয়।

শেষ পর্যন্ত নিশ্চিত ফি হিসেবে ১০০ মিলিয়ন পাউন্ডের কিছু বেশি এবং পারফরম্যান্স ও ট্রফি জয়ের ওপর ভিত্তি করে অতিরিক্ত ২০ মিলিয়ন পাউন্ডের অ্যাড-অনসে সমঝোতা হয়েছে। আগামী মঙ্গলবারের ট্রান্সফার ডেডলাইনের আগেই ফরাসি তারকার চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

চুক্তিটি চূড়ান্ত হলে এটি হবে লিভারপুলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল দলবদল। এর আগে কেবল ১২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সুইডিশ স্ট্রাইকার অ্যালেকজান্ডার ইসাককে দলে ভেড়াতে বেশি অর্থ খরচ করেছিল অ্যানফিল্ডের ক্লাবটি।

২০২৩ সালে ৪৫ মিলিয়ন ইউরোয় অলিম্পিক লিওঁ থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর লুইস এনরিকের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বারকোলা। তবে ফরাসি চ্যাম্পিয়নরা এ মৌসুমে ফেরান তোরেস, মাগনেস আকলিউশ এবং মিকা গডটসদের মতো প্রতিভাবান ফরোয়ার্ডদের দলে টানায় বারকোলা শুরুর একাদশে সুযোগ হারান। প্রধান কোচ এনরিকে বড় ম্যাচগুলোতে দেজিরে দুয়ে, ওসমান দেম্বেলে এবং খভিচা কোভারাতস্খেলিয়ার ওপর বেশি আস্থা রাখায় ক্লাবে অবহেলার শিকার হয়ে পিএসজি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন বারকোলা। চুক্তির মেয়াদের আর দুই বছর বাকি থাকলেও তিনি নতুন চুক্তি স্বাক্ষর না করার বিষয়টি ক্লাবকে স্পষ্ট জানিয়ে দেন।

মোহাম্মদ সালাহ অ্যানফিল্ড ছাড়ার পর থেকে লিভারপুল আক্রমণভাগ পুনর্গঠনে একজন দক্ষ উইঙ্গার খুঁজছিল। বারকোলার পাশাপাশি ব্রাইটনের উইঙ্গার ইয়ানকুবা মিনতেকে পেতে তিনটি প্রস্তাব দিলেও তা বাতিল করে ব্রাইটন। এছাড়া ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সারকে নিয়ে খোঁজ-খবর নিলেও তার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি লিভারপুল।

অন্যদিকে, গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগে লিভারপুল যদি শেষ পর্যন্ত উইঙ্গার পজিশনে নতুন একাধিক তারকাকে চুক্তি করায়, তবে ডাচ উইঙ্গার কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। গাকপোকে কিনতে এরই মধ্যে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মতো প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলো আগ্রহ প্রকাশ করেছে।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন