সবকিছুতেই জিততে চাই, চেলসিতে যোগ দিয়ে বললেন মার্টিনেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৫:৫৮
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে চেলসি। অ্যাস্টন ভিলা থেকে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
চেলসিতে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন মার্টিনেজ। নতুন ক্লাবে সাফল্য পাওয়ার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্যও জানিয়েছেন তিনি।
মার্টিনেজ বলেন, আমি এই ক্লাবে আসতে পেরে দারুণ খুশি। চেলসিতে আসা আমার ও আমার পরিবারের জন্য সহজ সিদ্ধান্ত ছিল। আমি ভীষণ আনন্দিত এবং শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।
চেলসির হয়ে নিজের লক্ষ্যও স্পষ্ট করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। তার ভাষায়, আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন, যে আমি যা করি সবকিছুতেই জিততে চাই। আর এই মানসিকতাই আমি এই ক্লাবে নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব, যারা শিরোপা জেতে। তাই আমার সঙ্গে এই ক্লাবের দারুণ মিল রয়েছে।
মার্টিনেজ আরও বলেন, আমি আবেগ দিয়ে খেলি এবং হৃদয় দিয়ে মাঠে নামি। প্রতিটি ম্যাচ ও প্রতিটি অনুশীলনে ক্লাব, সতীর্থ ও সমর্থকদের গর্বিত করতে আমি শতভাগ দেব।
২০১০ সালে ১৭ বছর বয়সে আর্সেনালের যুব দল থেকে মূল দলে সুযোগ পান তিনি। বেশ কয়েকটি ক্লাবে ধারে খেলার পর ২০১৯-২০ মৌসুমে আর্সেনালের নিয়মিত গোলরক্ষক হন। ওই মৌসুমে এফএ কাপ জেতেন তিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেন মার্টিনেজ। ভিলার হয়ে ছয় মৌসুমে ২৫৬ ম্যাচ খেলেছেন তিনি। গত মে মাসে ক্লাবটির হয়ে ইউরোপা লিগও জেতেন।
আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় ২০২১ সালের জুনে। এরপর থেকে দলটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) এবং ২০২২ বিশ্বকাপ জিতেছেন মার্টিনেজ। সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৩ ও ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে গোলরক্ষকদের জন্য দেওয়া ইয়াসিন ট্রফিও জিতেছেন তিনি।
বাংলাদেশের খবর/আরইউ

