চ্যাম্পিয়নদের জন্য ১০ লাখ, রানার্স-আপে ৫ লাখ টাকা পুরস্কার
১০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৯:২৫
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আগামী ২৫ অক্টোবর থেকে বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটিতে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নেবে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল- দুই বিভাগেই অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
টুর্নামেন্ট উপলক্ষে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর লোগো উন্মোচন করেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। আয়োজনকে সামনে রেখে গত শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান। এতে অংশ নেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি পেশাদার ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১০টি বিশ্ববিদ্যালয় হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আকর্ষণীয় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আয়োজকদের মতে, এ পুরস্কার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ জোগাবে এবং নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি করবে।

এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টকে দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের জন্য আধুনিক ক্রীড়া পরিবেশ তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটির কার্যক্রমের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ প্রতিযোগিতা তার পরিধি আরও বিস্তৃত করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার এমন সুযোগ তাঁদের জন্য গর্বের। তাঁদের মতে, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চা জোরদার করার পাশাপাশি নতুন প্রতিভা বিকাশে সহায়ক হবে। ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেও ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বাংলাদেশেরখবর/আরকে

