ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে নিজেদের বিশ্বকাপ যাত্রা আরও কঠিন করল বাংলাদেশ নারী দল। আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজটা জিততেই হবে—এমন সমীকরণ নিয়ে সেন্ট কিটসে আজ উইন্ডিজদের মুখোমুখি হয় বাঘিনীরা। তবে শুরুর ম্যাচেই ৯ উইকেটের বিশাল পরাজয় বিশ্বকাপের স্বপ্নকে ধোঁয়াশায় ভাসাল।
এই হারে বিশ্বকাপের টিকিট কঠিন হয়ে পড়ল নিগারদের। তাই আসন্ন নারী বিশ্বকাপে সরাসরি জায়গা নিতে হলে সিরিজের বাকি দুটি ম্যাচে অবশ্যই জিততে হবে, নাহয় খেলতে হবে বাছাইপর্বে।
সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে ১১৫ রান তুলে ফেলেছিল সফরকারীরা। ওপেনার মুরশিদা খাতুন (৪০) ও তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (৪২) দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে এরপরই শুরু ধসের।
পঞ্চম উইকেটে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার একটা ৫৪ রানের জুটি গড়ে দলকে আশা দেখিয়েছিলেন কিছুটা। তবে তাদের ইনিংস বড় হয়নি শেষমেশ। যার ফলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০০ রানের একটু আগে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল। হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতে উঠে আসে ১৬৩ রান। বোলিংয়ে ২ উইকেট নেওয়া উইন্ডিজ অধিনায়ক হিলি ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। তাতে ভর করেই ১০৯ বল হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা।
এটিআর/

