বিস্ময়ের জন্ম দিয়ে ২০২১ সালে অবসর নেওয়ার পর কয়েকবারই আলোচনায় এসেছে প্রত্যাবর্তনের খবর। তবে এবি ডি ভিলিয়ার্স আর ফেরেননি জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড (ডাব্লুসিএল) দ্বিতীয় আসরে গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন ডি ভিলিয়ার্স।
জাতীয় দলকে আগেই বিদায় জানানোর পর ডি ভিলিয়ার্স ২০২১ সাল পর্যন্ত চালিয়ে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা। তবে ওই বছর সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে নেন। বারবার তার ফেরার গুঞ্জন উঠলেও সাড়া দেননি তাতে আর। কয়েকদিন আগে ক্রিকেট মাঠে ফেরার আভাস দেওয়ার পর এবার নাম লেখালেন লিজেন্ড লিগে।
ডাব্লুসিএলের দেওয়া এক বিবৃতিতে ডি ভিলিয়ার্স জানিয়েছেন তার ক্রিকেটে ফেরার আনন্দময় প্রতিক্রিয়া। তিনি বলেন, চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, কারণ আমি তখন আর খেলার তাগিদটা অনুভব করিনি। এখন আমার তরুণ ছেলেরা খেলাটি খেলতে শুরু করেছে। আমরা উঠোনে আরও বেশি বেশি খেলছি, আর সেখান থেকেই মনে হচ্ছে যেন আমার ভেতর নতুন বারুদের সঞ্চার হয়েছে। আর তাই আমি জিম এবং নেট সেশনগুলোতে ফিরতে যাচ্ছি। আমি জুলাইয়ে ডাব্লুসিএলের জন্য প্রস্তুত থাকব।
ডাব্লুসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, হর্ষিত তুমার মনে করেন, ডি ভিলিয়ার্সদের মতো সাবেকদের সুযোগ করে দেওয়াটাই তাদের লিগের স্বার্থকতা। তিনি বলেন, এ কারণেই আমরা ডাব্লুসিএল চালু করেছিলাম, কারণ আমরা এই খেলাটির কিংবদন্তিদের খুব মিস করি। এবি ডি ভিলিয়ার্সের একজন ভক্ত হিসেবে আমি তাকে মাঠে ফিরে আসতে দেখে রোমাঞ্চিত। আমি নিশ্চিত যে ইংল্যান্ড ও এর বিশ্বের অন্যান্ত প্রান্তের ক্রিকেট প্রেমীরাও তার প্রত্যাবর্তন দেখে আনন্দিত হবে।
ডাব্লুসিএলের উদ্বোধনী আসরে সাবেক ভারত ব্যাটার যুবরাজ সিংহের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়নরা শিরোপা জিতেছিল। সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স তিনটি ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল।
বিএইচ/

