ভারতকে তাদের ফাঁদেই আটকাল ইংল্যান্ড, জমে উঠল সিরিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৬
প্রথম দুই ম্যাচে ভারতের দাপটের পর এবার ইংল্যান্ডের জয়ে দারুণ জমে উঠেছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২৬ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে ইংলিশরা। এই জয়ের ফলে সিরিজ জেতার আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। যদিও এখনো ২-১ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ইংলিশরা। ওপেনার ফিল সল্ট ৭ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন দলের ৭ রানের মাথায়।
সল্টের বিদায়ের পর অধিনায়ক জস বাটলারকে সাথে নিয়ে এগোতে থাকেন বেন ডাকেট। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান তুলেছেন ডাকেট। যোগ্য সঙ্গ দিয়েছেন বাটলার। পাওয়ারপ্লের ৬ ওভারে সল্টের উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে ইংল্যান্ড।
পাওয়ারপ্লে শেষেও ছুটেছে ডাকেটের উইলো। বাটলার ২২ বলে ২৪ রান করে দলের ৮৩ রানের মাথায় আউট হয়েছেন। ডাকেট হাঁকিয়েছেন ফিফটি। এরপর আর বেশিক্ষণ টেকেননি। ২৮ বলে ৫১ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে দলীয় ৮৭ রানের মাথাতে সাজঘরে ফিরেছেন ডাকেট।
ডাকেটের বিদায়ের পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। একে একে সাজঘরে ফিরেছেন হ্যারি ব্রুক, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জফরা আর্চাররা। আচমকা ধসে ১২৭ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেই চাপের সময়ে দলকে উদ্ধার করেন লিয়াম লিভিংস্টোন। আগ্রাসী ব্যাটিংয়ে ২৪ বলে ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন লিভিংস্টোন। আউট হন দলের ১৪৭ রানের মাথাতে।
বাকি সময়ে ইনিংস টেনেছেন আদিল রশিদ এবং মার্ক উড। ৯ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন রশিদ। উড টিকে ছিলেন ১০ বলে ১০ রান করে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড।
ভারতের হয়ে মাত্র ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট তুলেছেন রবি বিষ্ণই এবং অক্ষর প্যাটেল।
জবাব দিতে নেমে দলের ১৬ রানের মাথাতে ওপেনিং জুটি ভেঙেছে ভারতের। ৬ বলে ৩ রান করে বিদায় নেন সাঞ্জু স্যামসন। অভিষেক শর্মা কিছুটা মারমুখি ব্যাটিং চালিয়েছেন বটে, তবে টেকেননি বেশিক্ষণ। ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলে অভিষেক বিদায় নেন। তিনে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব আউট হয়েছেন ৭ বলে ১৪ রান করে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫১ রান তুলেছে ভারত, উইকেট হারিয়েছে ৩টি।
তিলক ভার্মা শুরু পেয়েছেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ১৪ বলে ১৮ রান করে বিদায় নিয়েছেন তিলক। হার্দিক পান্ডিয়া এক প্রান্তে টিকে ছিলেন। তবে আরেক প্রান্তে ব্যাটাররা থিতু হতে পারেননি। একের পর এক উইকেট হারিয়েছে ভারত। আউট হয়েছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ধ্রুব জুরেলরা।
হার্দিকের ব্যাটে আশা কিছুটা বাকি ছিল। দলের ১৩১ রানের মাথাতে ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই সব আশা শেষ হয়ে যায় ভারতের। শেষ দিকে ধুঁকতে ধুঁকতে এগিয়েছে ভারতের ইনিংস। ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের সংগ্রহ তুলতে সক্ষম হয় ভারত। ইংল্যান্ড তুলে নেয় ২৬ রানের জয়।
ইংলিশদের হয়ে ৩ উইকেট তুলেছেন জেমি ওভারটন। ২টি করে উইকেট নেন ব্রাইডন কার্স এবং জফরা আর্চার। ১টি করে উইকেট শিকার করেন মার্ক উড এবং আদিল রশিদ।
এই জয়ের ফলে সিরিজ জেতার আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
বিএইচ/

