মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ৩৯তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিল খুলনা টাইগার্স। ৬২ বলে অপরাজিত ১১১ রান করেন নাইম। আর ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করে খুলনা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুরকে ২২১ রানের টার্গেট দেয় খুলনা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করতে সমর্থ হয় রংপুর।
ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার তাওফিক খান ৮ বলে দুই চারে ৯ রান করেন। আর ওপেনার সৌম্য ৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান করে হাসান মাহমুদের শিকারে পরিণত হন। এছাড়া সাইফ হাসান ৯ বলে ৬, ইফতেখার আহমেদ ১৫ বলে ১৯ রান যোগ করে সাজ ঘরে ফেরেন। মেহেদী হাসান ১৪ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। এটাড়াও মুহাম্মদ সাইফুদ্দিন ১৮, রাকিবুল হাসন ১৪ ও নাহিদ রানা এক রান করেন। আর নুরুল হাসান, আজিজুল হাকিম তামিম ও আকিফ জাভেদ তিনজনের কেউ রানের খাতা খুলতে পারেননি।
আর মুশফিক হাসান ২৪ রানে তিন উইকেট, মুহাম্মদ নাওয়াজ ৮ রানে দুই উইকেট এবং নাসুম আহমেদ ১৮ রানে ও হাসান মাহমুদ ২০ রানে একটি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬০ রানে ২ উইকেট হারায় খুলনা। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি চার ও ২টি ছক্কায় ১২ বলে ২১ রান করেন। তিন নম্বরে নেমে ১২ রানে থামেন অ্যালেক্স রস।
তৃতীয় উইকেট জুটিতে মারমুখী ব্যাটিংয়ে খুলনার বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাইম ও উইলিয়াম বোসিস্তো। ৪৭ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। ৩৩ বলে টি-টোয়েন্টিতে ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাইম।
১৫তম ওভারে দলীয় ১৪৯ রানে বোসিস্তোকে শিকার করে জুটি ভাঙেন রংপুরের পেসার আকিফ জাভেদ। ৩টি চার ও ২টি ছক্কায় ২১ বলে ৩৬ রান করেন বোসিস্তো।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও নাইমের ৩২ বলে ৭০ রানের ঝড়ো জুটিতে এবারের আসরে তৃতীয়বারের মত ২০০ রানের কোটা স্পর্শ করে খুলনা। ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করে খুলনা।
এবারের আসরে অষ্টম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান নাইম। চলতি আসরে প্রথম শতকের জন্য ৫৫ বল খেলেছেন তিনি। শেষ পর্যন্ত ৬২ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন নাইম। এই ইনিংস খেলে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে উঠেছেন নাইম। ১৫ বলে ২৯ রান করেন অঙ্কন। মাহেদি হাসান, আকিফ জাভেদ ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট নেন।
- ওএফ

