রউফের ইনজুরি
পাকিস্তান দলে বিপিএলে ভালো করা আরও এক পেসার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯
পাকিস্তান জাতীয় দলের পেসার হারিফ রউফ ইনজুরির কারণে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়েছেন। আর এতেই কপাল খুলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করা পেসার আকিফ জাভিদের। রউফের স্থলে স্কোয়াডে যুক্ত হয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। জাভিদ এরই মধ্যে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ইনিংসের ৩৭তম ওভারে বল করতে গিয়ে চোট পান রউফ। ওভারটি সম্পূর্ণও করতে পারেননি তিনি। এবং এই ইনজুরিই তাকে দল থেকে ছিটকে দিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তবে হারিস রউফের ইনজুরি খুব গুরুতর নয়। আশা করা হচ্ছে- আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকবেন তিনি।
আকিফ জাভিদের আগে আরও দুই ক্রিকেটার বিপিএলে ভালো করে দীর্ঘ দিন পর পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন। তারা হলেন- ফাহিম আশরাফ ও খুশদিল শাহ।
চলমান ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক পাকিস্তানের সঙ্গী নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড এরই মধ্যে প্রথম পর্বে নিজেদের দু’টি ম্যাচেই জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে। বুধবার পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা প্রত্যেকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। যারা জয় লাভ করবে, তারাই হবে ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী।
সূত্র : জিও নিউজ

