ত্রিদেশীয় সিরিজ
ফাইনালে যেতে পাকিস্তানের সামনে পাহড়সম লক্ষ্য
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১
ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের সামনে পাহাড়সম লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৫ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩৫২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে যেতে পাকিস্তানকে টপকাতে হবে পাহাড়সম এ লক্ষ্য।
এদিন অধিনায়ক টেম্বা বাভুমা টনি ডি জরজিকে নিয়ে ইনিংসের দারুণ সূচনা করেন। দলীয় ৫১ রানে জরজি ২২ রান করে ফিরে গেলেও ৮২ রানের ঝলমলে ইনিংস খেলেন বাভুমা।
এরপর ভালো খেলার এই ধারাবাহিকতা বজায় রাখেন পরের ব্যাটাররাও; ম্যাথু ব্রিটস্কি ৮৩, হেনরিখ ক্লাসেন ৮৭, ভেরিয়ান্নে ৪৪ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পাকিস্তানের বোলাররা কেউ এদিন তেমন ভালো করতে পারেননি। খুশদিল শাহ ছাড়া সকলেই অকাতরে রান বিলিয়েছেন। এর মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৬৬ রান দিয়ে ২টি এবং নাসিম শাহ ও খুশদিল শাহ ১টি করে উইকেট নিয়েছেন।
সিরিজে দু’টি ম্যাচ জিতে এরই মধ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। আজ যারা জিতবে, তারাই ফাইনালে হবে কিইউদের সঙ্গী।
বিএইচ/

