চ্যাম্পিয়ন্স ট্রফি
এবার পাকিস্তানে উড়ল না ভারতের পতাকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১
পাকিস্তানের লাহোর ও করাচির স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা না থাকা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ ঘটনায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বিতর্ক আরও বাড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের লাহোর ও করাচির স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা নেই। এই ঘটনায় বেড়েছে উত্তাপ।
পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। লাহোর, করাচি ও রাওয়ালপিণ্ডি। যেকোনো আইসিসি প্রতিযোগিতার নিয়ম হলো, যে যে মাঠে খেলা হবে, সেখানে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকবে। পাশাপাশি আইসিসির পতাকাও থাকবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দেশ খেলে। সুতরাং, পাকিস্তানের তিনটি মাঠেই আটটি দেশের পতাকা থাকার কথা। ২০২৩ সালে ভারতে যখন এক দিনের বিশ্বকাপ হয়েছিল, তখনও তা দেখা গিয়েছিল। ইডেন-সহ ভারতের প্রতিটি মাঠে সব দেশের জাতীয় পতাকা ছিল। সেটাই নিয়ম। ভিডিয়োয় যা দেখা যাচ্ছে তা যদি সত্যি হয় তা হলে বলতেই হবে, সেই নিয়ম মানেনি পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দু’দিন আগে লাহোর ও করাচি স্টেডিয়ামের বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুটি স্টেডিয়ামে ভারত ছাড়া বাকি সব দেশের পতাকা রয়েছে। ভিডিয়োগুলি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ইচ্ছা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভারতীয় সমর্থকদের। পাল্টা পাক সমর্থকদের অভিযোগ, পাকিস্তানের সম্মানহানি করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
কেন ভারতীয় জাতীয় পতাকা নেই, সেই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা আইসিসি কিছু জানায়নি। তবে দুটি সম্ভাব্য কারণ উঠে আসছে। এক. পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। পাকিস্তানে পা রাখবে না তারা। বাকি সাতটি দেশ পাকিস্তানে খেলবে। সেই কারণেই হয়তো ভারত ছাড়া সাতটি দেশের পতাকা লাগানো হয়েছে সেখানকার স্টেডিয়ামে।
দুই. ভারতকে পাকিস্তানে খেলতে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সে দেশে যেতে চায়নি। তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছুটা হলেও পাকিস্তানের মুখ পুড়েছে। ভারতীয় বোর্ডের এই পদক্ষেপের পাল্টা জবাব দিতেই এই ঘটনা ঘটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ যা-ই হোক না কেন, এই ঘটনা যে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
ডিআর/এমজে

