আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে শান্ত-মিরাজদের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। আজকের ম্যাচ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ।
দুবাইয়ের এ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে দুইবারই আগে ব্যাট করে হেরেছে তারা। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ২২২ রানে অলআউট হয়েছিল টাইগাররা। যেখানে লিটন দাস করেছিলেন ১২১ রান। সেই ম্যাচে ভারত জয় পায় ৩ উইকেটে।
এছাড়া ২০১৮ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। ভারত ম্যাচটি জিতে নেয় ৮২ বল হাতে রেখেই। যদিও একই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে মুশফিকুর রহিম করেছিলেন ১৪৪ রান। এ স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের এটাই সর্বোচ্চ ইনিংস।
একনজরে ভারত ও বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব।
ডিআর/এমবি

