ফেসবুকের জনক ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবার এক ভিন্ন মিশনে নেমেছেন। তার লক্ষ্য স্মার্টফোনের যুগের সমাপ্তি ঘতান। তার মতে, ভবিষ্যতে হাতে ধরা ফোনের জায়গা নেবে চোখে পরা স্মার্ট চশমা।
জাকারবার্গ বিশ্বাস করেন, আগামী এক দশকের মধ্যেই মানুষ এআর (অগমেন্টেড রিয়েলিটি) ও ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) প্রযুক্তি ব্যবহার করবে, যা একসঙ্গে বাস্তব আর ডিজিটাল দুনিয়াকে যুক্ত করবে। এই চশমার মাধ্যমে শুধু বিনোদন নয়, কাজ, যোগাযোগ ও তথ্য সংগ্রহের ভিজ্ঞতাও বদলে যাবে।
এই লক্ষ্য পূরণে মেটা ইতিমধ্যেই বিপুল অর্থ বিনিয়োগ করছে। তাদের রিয়েলিটি ল্যাবস বিভাগে বছরে বিলিয়ন ডলার খরচ হচ্ছে এআর ও ভিআর গবেষণায়। জনপ্রিয় অকুলাস হেডসেট থেকে শুরু করে নতুন রে-ব্যান স্মার্ট গ্লাস সবই জাকারবার্গের সেই বড় স্বপ্নের অংশ।
জাকারবার্গ মনে করেন, ছোট্ট স্ক্রিনে চোখ রেখে আটকে থাকা আমাদের স্বাভাবিক জীবনের সঙ্গে যায় না। তিনি বলেন, আমরা সারাক্ষণ মাথা নিচু করে ফোনে ডুবে থাকি, এতে চারপাশের পৃথিবী থেকে আলাদা হয়ে যাই। এআর চশমা সেই সমস্যা দূর করবে।
তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, ব্যাটারি ব্যাকআপ, ফাইনাল ডিজাইন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর সবচেয়ে বড় বিষয় মানুষ আসলেই কতটা সহজে এই নতুন প্রযুক্তি গ্রহণ করবে। জাকারবার্গ আশাবাদী, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এ বাধাগুলো কেটে যাবে।
শুধু মেটা নয়, অ্যাপল, গুগল আর মাইক্রোসফটও এ প্রযুক্তির দৌড়ে রয়েছে। তবে বিপুল বিনিয়োগ আর জাকারবার্গের জেদ মেটাকে এগিয়ে রাখতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
এখনই হয়ত স্মার্টফোনের মৃত্যু ঘোষণা করা করা যাচ্ছে না। কিন্তু জাকারবার্গের এ উদ্যোগ যে প্রযুক্তি দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, তা নিয়ে সন্দেহ নেই।
সূত্র:বিজনেস ইনসাইডার

