গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট জেমিনি এবার সরাসরি জায়গা করে নিচ্ছে স্মার্ট টিভিতে। প্রথমবারের মতো টিসিএল (QM9K) মডেলে এই ফিচার যুক্ত হচ্ছে। এর ফলে টিভি শুধু বিনোদনের যন্ত্র নয়, হয়ে উঠবে একেবারে স্মার্ট ও ইন্টারঅ্যাক্টিভ হাব।
কী সুবিধা মিলবে?
নতুন এআই চালিত টিভিতে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত ও স্মার্ট রেস্পন্স। ভয়েস কমান্ড দিয়েই টিভি চ্যানেল পাল্টানো, কনটেন্ট খোঁজা বা মেন্যুতে নেভিগেট করা সম্ভব হবে। জেমিনি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী শো, সিনেমা বা চ্যানেলের পরামর্শ দেবে। শুধু তাই নয়, সাধারণ প্রশ্নের উত্তরও পাওয়া যাবে যেমন, একজন শিশু কীভাবে সৌরজগৎ বুঝবে? বা ছুটিতে কোথায় বাড়ান যায়? ইত্যাদি প্রশ্নের সহজ ব্যাখ্যামূলক উত্তরও টিভি নিজেই দিয়ে দেবে।
পুরোনো টিভিতেও আসছে আপডেট
শুধু নতুন মডেল নয়, বছরের শেষ নাগাদ জেমিনির আপডেট পৌঁছাবে পুরোনো গুগল টিভি প্ল্যাটফর্মেও। তবে এর জন্য প্রয়োজন হবে মাইক্রোফোন সম্বলিত রিমোট। সব পুরোনো টিভি মডেলেই সম্পূর্ণ সুবিধা নাও পাওয়া যেতে পারে।
গুগলের লক্ষ্য
গুগল চায়, টিভি আর শুধু বিনোদনের পর্দা নয় বরং তথ্য ও এআই ভিত্তিক ফিচারসমৃদ্ধ ডিভাইস হয়ে উঠুক। ভবিষ্যতে টিভির সেন্সর ব্যবহার করে ব্যবহারকারীর উপস্থিতি অনুযায়ী পর্দার কনটেন্ট ও আকার বদলাবে। যেমন, কেউ রুমে ঢুকলে অটো স্ক্রিনসেভার চালু হবে, দূরত্ব অনুযায়ী লেখা বড় বা ছোট হবে। এমনকি টিভি থেকেই ভার্চুয়াল শপিংয়ের সুবিধাও যোগ হতে পারে।
সামনে কী আসছে
গুগল জানিয়েছে, খুব দ্রুত আরও অনেক ব্র্যান্ড ও মডেলে এই আপডেট চালু হবে। ফলে আগামী দিনে ঘরের টিভি হবে আরো কাস্টমাইজড আরো স্মার্ট।
সূত্র: zdnet

