ফোনের ব্যাটারি লাইফ বাড়িয়ে দেবে যে সেটিংসগুলো
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩
স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় সমস্যার একটি হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। ফোনে চার্জের চিন্তা প্রায় সবার কাছেই বিরক্তিকর হয়ে ওঠে। তবে ফোনের কয়েকটি সাধারণ সেটিংস পরিবর্তন করলেই ব্যাটারির স্থায়িত্ব কয়েক ঘণ্টা পর্যন্ত বাড়ানো সম্ভব।
একজন প্রযুক্তি বিশেষজ্ঞ জানিয়েছেন, দীর্ঘদিন বাজেট ফোন ব্যবহার করতে গিয়ে তিনি প্রতিদিনই নানা কৌশল খুঁজে ব্যাটারি বাঁচানোর চেষ্টা করেছেন। ধীরে ধীরে তিনি এমন কিছু কার্যকর উপায় বের করেছেন, যা ফোনের ব্যাটারিকে আগের তুলনায় অনেক বেশি সময় ব্যবহারযোগ্য করে তুলেছে। তার তার বাস্তব অভিজ্ঞতাই যুক্ত হয়েছে এই ফিচারে।
ফোনের স্ক্রিনের উজ্জ্বলতা বা ব্রাইটনেস কিছুটা কমিয়ে অটো ব্রাইটনেস চালু রাখা ব্যাটারি সাশ্রয়ে সবচেয়ে কার্যকর। একইভাবে, অটো লক টাইমার কমিয়ে আনা, প্রয়োজন না থাকলে লোকেশন সার্ভিস বন্ধ রাখা এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ নিয়ন্ত্রণ করাও ফোনের শক্তি বাঁচাতে সাহায্য করে। পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথ বা জিপিএস দরকার না থাকলে বন্ধ রাখা।
ব্যাটারি দীর্ঘস্থায়ী করার আরেকটি কার্যকর উপায় হলো ডার্ক মোড ব্যবহার করা। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ব্যাটারি সেভার মোড চালু রাখলে আরও কিছুটা ব্যাটারি লাইফ বাড়ানো সম্ভব। অপ্রয়োজনীয় নোটিফিকেশন ফোনের ব্যাটারি খরচ বাড়িয়ে দেয়, তাই অ্যাপ নোটিফিকেশন নিয়ন্ত্রণ করাও জরুরি। বিশেষজ্ঞরা মনে করেন, অ্যাপ আপডেট কেবল ওয়াইফাই'তে সীমাবদ্ধ রাখা উচিত, লাইভ ওয়ালপেপার ও অ্যানিমেশন বন্ধ রাখা এবং ব্যাকআপ বা সিঙ্ক্রোনাইজেশন শুধু প্রয়োজন অনুযায়ী চালু করা এসবও ব্যাটারি সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে।
এ ছাড়া ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা জরুরি, কারণ অনেক সময় নতুন আপডেটে ব্যাটারি অপ্টিমাইজেশনের সুবিধা যুক্ত হয়। ফলে ফোন আগের তুলনায় কম শক্তি ব্যবহার করে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তন করলে ফোনের ব্যাটারির স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ফলে ব্যবহারকারীরা ফোন বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং নিশ্চিন্তে দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে পারবেন।

