Logo

প্রযুক্তি

ভবিষ্যতের অসুস্থতা আগেভাগেই জানাচ্ছে রহস্যময় প্রযুক্তি

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

ভবিষ্যতের অসুস্থতা আগেভাগেই জানাচ্ছে রহস্যময় প্রযুক্তি

সান ফ্রান্সিসকোর এক ছোট ক্লিনিকে কয়েক মাস ধরে চলছে অদ্ভুতসব পরীক্ষা। রোগী ক্লিনিকে ঢুকছেন, পাশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হঠাৎ কথোপকথনে ঢুকে পড়ছে আর এক অদৃশ্য উপস্থিতি, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, নাম স্কোপ এআই (ScopeAI)।

রোগীর মুখের ভাষা, অভিব্যক্তি, চোখের মুভমেন্ট, দেহের তাপমাত্রা, কণ্ঠের সামান্যতম কম্পন স্কোপ এআই সব বিশ্লেষণ করে রোগ সনাক্ত করে ফেলছে মুহূর্তেই। শুধু তাই নয়, উপসর্গগুলো মিলিয়ে, মিনিটের মধ্যে রোগ নির্ণয় করছে এবং চিকিৎসা পরিকল্পনাও সাজিয়ে দিচ্ছে।

চমক এখানেই শেষ নয়। দাবি করা হচ্ছে, উপসর্গ দেখা দেওয়ার আগেই ভবিষ্যতের রোগও শনাক্ত করতে পারে স্কোপ এআই। ক্যান্সার, হার্টের অসুখ, নিউরোলজিক্যাল সমস্যা, এমনকি মানসিক সমস্যা সবকিছুর ঝুঁকি আগে থেকেই বলে দিতে পারছে এই এআই ডাক্তার।

অবশ্য যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানীরা এখনো পুরোপুরি আস্থা আনতে পারছেন না স্কোপ এআই এর ওপর। বড় পরিসরে পরীক্ষার ফল নিয়ে চলছে বিতর্ক। অনেক সময় রোগী যখন কোনো বড় অসুখের লক্ষণই পাচ্ছেন না, তখন স্কোপ এআই সতর্ক করে বলছে “দুই বছরের মধ্যে ঝুঁকি শুরু হতে পারে।” চিকিৎসকের মনে প্রশ্ন কম্পিউটার কি সত্যিই ভবিষ্যত দেখতে পারে? কেউ কেউ আগেভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন, আবার কারও মনে জন্ম নিচ্ছে ভয় “আমি তো সুস্থ, তাহলে এআই অসুখের কথা বলছে কেন?”

২০১৫ সালে প্রতিষ্ঠিত আকিডো ল্যাবসের (Akido Labs) প্রতিষ্ঠাতা জ্যারেড গুডনার ও প্রাশান্ত সামন্ত। তাঁদের স্বপ্ন ছিল ডাক্তার সংকট কমিয়ে সাধারণ মানুষের কাছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সেই ভাবনা থেকেই এই চিকিৎসা ব্যবস্থার সৃষ্টি। তাদের স্কোপ এআই ২০২৫ সালেই ফান্ড রাইজ করেছে ৬০ মিলিয়ন মার্কিন ডলার। ১ কোটি রোগীর তথ্য ব্যবহার করে এআই মডেলটি ট্রেন করা হয়েছে।

শুধু আকিডো (Akido) নয়, টেম্পাস (Tempus), কুয়ের.এআই (Quer.ai), ডেলফি ২এম (Delphi-2M) এর মতো আরও অনেক প্রতিষ্ঠান এখন প্রেডিক্টিভ মেডিসিন নিয়ে কাজ করছে। শুধু রোগ ধরা নয়, জ্যোতিষীর মত রোগের আগাম খবরও দিয়েদিচ্ছে এরা।

তবে ৯৮% নির্ভুলতা বা আগেভাগে ক্যান্সার শনাক্ত এমন দাবিগুলো এখনো পূর্ণ বৈজ্ঞানিক স্বীকৃতি পায়নি। তবু প্রশ্ন থেকেই যায় চিকিৎসার ভবিষ্যৎ কি তবে বদলে যাচ্ছে? একদিন হয়তো ক্লিনিকে যাওয়ার আগেই আমাদের শরীরের গোপন সংকেত পড়ে ফেলবে এআই। রোগ হওয়ার আগেই বলবে “সাবধান, ভেতরে পরিবর্তন শুরু হয়েছে।” 

সূত্র: MIT Technology Review

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন