Logo

প্রযুক্তি

ফিলিস্তিনিদের ওপর নজরদারির ইসরায়েলি প্রযুক্তি বন্ধ করল মাইক্রোসফট

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪

ফিলিস্তিনিদের ওপর নজরদারির ইসরায়েলি প্রযুক্তি বন্ধ করল মাইক্রোসফট

ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে ব্যবহৃত প্রযুক্তি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ইসরায়েলের বিশেষ গোয়েন্দা ইউনিট ৮২০০ মাইক্রোসফটের আজুর (ক্লাউড কম্পিউটিং) ও এআই  সেবার মাধ্যমে গাজা ও পশ্চিম তীরের সাধারণ মানুষের ফোনকলসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল।

বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, নিয়ম ভেঙে ইসরায়েলি সেনারা মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল পরিমাণ ফিলিস্তিনির ফোন রেকর্ড সংগ্রহ করছিল। এসব তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের পর গোপন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এত বড় পরিসরে নজরদারির প্রযুক্তি সাধারণত যুক্তরাষ্ট্রের এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) এর গোপন প্রকল্পেই ব্যাবহার করা হয়।

মানবাধিকার সংগঠনগুলোর এর তীব্র সমালোচনা ও বিশ্বব্যাপী আলোচনার পর মাইক্রোসফট অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ার ও সভাপতি ব্র্যাড স্মিথ কর্মীদের পাঠানো বার্তায় জানান, 'আমরা কখনোই বেসামরিক নাগরিকের ওপর গণনজরদারিতে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে দিতে পারি না।' এর পরই কিছু ক্লাউড ও এআই সেবা বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে মাইক্রোসফটের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই চুক্তি হয়। এরপর থেকেই ইউনিট ৮২০০ পর্যায়ক্রমে ফিলিস্তিনিদের দৈনন্দিন ফোনকল, ম্যাসেজ ও যোগাযোগের তথ্য আজুর প্ল্যাটফর্মে আর্কাইভ করে আসছিল।

তবে মাইক্রোসফট জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের অন্যান্য প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মাইক্রোসফটের এই সিদ্ধান্তকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কোনো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল। মানবাধিকারের প্রশ্নে প্রযুক্তি কোম্পানিগুলোর জবাবদিহি বাড়াতে এটি এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।


ডিআর এমএন

সূত্র:Associated Press (AP)


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন