প্রযুক্তির বদৌলতে চিকিৎসা জগতে এসেছে নিত্য নতুন বদল। সম্প্রতিক গবেষণায় আবিষ্কৃত হয়েছে এআই-নির্ভর স্মার্ট ব্যান্ডেজ যা সাধারণ ব্যান্ডেজের তুলনায় প্রায় ২৫% দ্রুত ক্ষত সারাতে সক্ষম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা এ-হিল নামের এই স্মার্ট ব্যান্ডেজ তৈরি করেছেন। এতে আছে নানা ধরনের বায়ো-ইলেকট্রনিক সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ব্যান্ডেজটি ক্ষতস্থানের আর্দ্রতা, তাপমাত্রা, সংক্রমণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করে। ক্যামেরা ও সেন্সর দিয়ে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে, এরপর সফটওয়্যারের মাধ্যমে ঠিক করা হয় ক্ষত সারাতে কী ধরনের চিকিৎসা দরকার।
ফলস্বরূপ, এই ব্যান্ডেজ ক্ষতের অবস্থার উপর ভিত্তি করে নিজে থেকেই ওষুধ, অ্যান্টিবায়োটিক কিংবা বৈদ্যুতিক তরঙ্গ (ইলেকট্রোথেরাপি) প্রয়োগ করতে পারে। এতে নতুন কোষ দ্রুত জন্মায়, সংক্রমণও কমে যায়। শুধু তাই নয় চিকিৎসক বা ব্যবহারকারীও সহজেই জানতে পারেন, ক্ষত ঠিকভাবে সেরে উঠছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কি না।
বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গেছে, বায়োইলেকট্রিক সেন্সর ও এআই অ্যালগরিদমের মাধ্যমে তৈরি স্মার্ট ব্যান্ডেজ সাধারণ চিকিৎসার চেয়ে দ্রুত ফল দিতে সক্ষম হয়েছে। স্মার্ট ব্যান্ডে পশুর উপর গবেষণা চালিয়ে সফলতা মিলেছে। মানুষের ওপরেও ভবিষ্যতে বড় গবেষণা চালানোর পরিকল্পনা করছে বিজ্ঞানীরা।
এ ধরনের স্মার্ট ব্যান্ডেজ ভবিষ্যতে ডায়াবেটিস কিংবা কঠিন রোগের ক্ষতে আরও কার্যকরী প্রমাণ হতে পারে। চিকিৎসা পদ্ধতিকে আরও স্মার্ট, নিরাপদ এবং দ্রুত করার জন্য এমন নতুন নতুন প্রযুক্তি গড়ে তুলছে বিজ্ঞানীরা।
ডিআর এমএন
সূত্র: সায়েন্সডেইলি

