প্রযুক্তিবিশ্বে বিশাল চমক সৃষ্টি করেছে ওপেনএআই (OpenAI)। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কমপক্ষে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন এআই ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তুলবে। বিশাল এই উদ্যোগকে কেন্দ্র করে টেক ইন্ডাস্ট্রিতে চলছে আলোচনার ঝড়।
নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেন্ট্রাল পার্কের সমান পাঁচটি ‘স্টারগেট’ (Stargate) ডেটা সেন্টার তৈরি করছে ওপেনএআই। এ ডেটা সেন্টার তৈরিতে শীর্ষ সহযোগী হিসেবে থাকছে এনভিডিয়া (Nvidia), যারা ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের জিপিইউ (GPU) সরবরাহ ও পরিচালনা করবে। এছাড়া ওরাকল (Oracle) ও সফটব্যাংক (Softbank) যুক্ত হয়ে, আগামী তিন বছরে আরো ৪০০–৫০০ বিলিয়ন ডলারের অবকাঠামো নির্মাণ করবে।
এ সব কেন্দ্রের বিদ্যুৎ চাহিদা হবে প্রায় ১৭ গিগাওয়াট, যা প্রায় ১৭টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের সমান। এই বিশাল স্কেলের প্রজেক্টে বিশাল কর্মসংস্থানও হবে। বিশেষজ্ঞদের অনুমান চিপ সরবরাহ ও বিদ্যুৎ সংকট ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান (Sam Altman) বলছেন, বিশ্বজুড়ে এআই এর চাহিদা বাড়ছেই। তাই প্রযুক্তি উন্নয়নের এই দৌড়ে তাদের যাত্রা চলমান থাকবে। বিশ্লেষকেরা অবশ্য উচ্চঝুঁকির দিকও ইঙ্গিত দিচ্ছেন।
টেকবিশ্বে এখন গুগল, মাইক্রোসফট ও মেটার মতো প্রতিষ্ঠানও এ ধরনের ডেটা সেন্টারের বাজিতে যুক্ত হচ্ছে। শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ আর পরিকল্পনা নিয়ে ওপেনএআই এবারের মত এই দৌড়ে এক ধাপ এগিয়ে রইল।
ডিআর এমএন
তথ্যসূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, সিএনবিসি, নিউইয়র্ক টাইমস, ওপেনএআই, রয়টার্স

