হোয়াটসঅ্যাপে নিজের চেহারার আদলে অ্যাভাটার তৈরির সহজ উপায়
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০
গ্রাফিক্স: বাংলাদেশের খবর
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এখন নিজের চেহারার সঙ্গে মিল রেখে ‘অ্যাভাটার’ বা বিশেষ ইমোজি তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। এই অ্যাভাটারগুলো কেবল প্রোফাইল ছবি হিসেবেই নয়, বরং স্টিকার হিসেবেও চ্যাটিংয়ে ব্যবহার করা যায়। ব্যবহারকারীরা চাইলে নিজের পছন্দমতো প্রতিটি খুঁটিনাটি বিষয় নির্বাচন করে অথবা নিজের সেলফি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবেও এই চমৎকার অ্যাভাটার তৈরি করে নিতে পারেন।
পছন্দ অনুযায়ী অ্যাভাটার তৈরির নিয়ম
নিজের রুচি অনুযায়ী অ্যাভাটার তৈরি করতে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। অ্যাপের ওপরের ডান দিকের তিন ডট মেনু অথবা চ্যাটের ভেতর থাকা স্টিকার আইকনে ট্যাপ করে সেটিংস অপশনে যাওয়া সম্ভব। সেখান থেকে ‘অ্যাভাটার’ নির্বাচন করে ‘ক্রিয়েট ইয়োর অ্যাভাটার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘গেট স্টার্টেড’ থেকে ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে গিয়ে ত্বকের রং, চুলের স্টাইল, মুখের গড়ন ও শরীরের আকৃতি একে একে পছন্দ করে নিতে হবে। প্রতিটি ধাপ শেষে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ এবং সবশেষে ‘সেভ’ বাটনে চাপ দিলেই তৈরি হয়ে যাবে আপনার প্রিয় অ্যাভাটার।
সেলফি ব্যবহার করে অ্যাভাটার তৈরি
যারা ম্যানুয়ালি কষ্ট করতে চান না, তারা নিজের ছবি বা সেলফি ব্যবহার করেও দ্রুত অ্যাভাটার তৈরি করতে পারেন। এ জন্য ‘ক্রিয়েট ইয়োর অ্যাভাটার’ অপশনে গিয়ে ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ নির্বাচন করতে হবে। এরপর ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়ে ফ্রেমের ঠিক মাঝখানে মুখ রেখে একটি ছবি তুললেই হোয়াটসঅ্যাপ নিজ থেকে একটি প্রাথমিক অ্যাভাটার তৈরি করে দেবে। পরে প্রয়োজন মনে করলে সেটিকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে ‘সেভ’ করে রাখা যাবে।
সতর্কতা ও সীমাবদ্ধতা
অ্যাভাটার তৈরির ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। একবার তৈরি করা অ্যাভাটার যেকোনো সময় মুছে ফেলা গেলেও, তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। এছাড়া বর্তমান পদ্ধতিতে অ্যাভাটার তৈরির সময় আলাদা করে লিঙ্গ নির্বাচনের কোনো সুযোগ রাখা হয়নি।
এমএন

