প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯
দেশের তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তি খাতে এক বিশাল কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেছে বিএনপি। দলটি ক্ষমতায় গেলে তথ্যপ্রযুক্তি ও আধুনিক উদ্ভাবনী খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ফ্রিল্যান্সিংয়ের মতো সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিএনপির এই ইশতেহারে মূলত প্রযুক্তিনির্ভর এক আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে প্রায় ৮ লাখ মানুষের আয়ের পথ তৈরি করা হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তাসহ পাঁচটি বিশেষায়িত কারিগরি খাতে আরও ২ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নেও একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। ইন্টারনেটের উচ্চগতি নিশ্চিত করতে সাবমেরিন ক্যাবল, এফটিটিএইচ এবং লো-অরবিট স্যাটেলাইট প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। টেলিকম খাতে সুস্থ প্রতিযোগিতা তৈরির মাধ্যমে ইন্টারনেটের দাম সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসারও অঙ্গীকার করা হয়েছে।
উদ্যোক্তাদের জন্য ইশতেহারে বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। নতুন স্টার্টআপগুলোর জন্য ১০ বছরের কর মওকুফ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দেশীয় উদ্ভাবনকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে আরও জোরালো করার পরিকল্পনা রয়েছে। দেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল নিয়ে আসা এবং জাতীয় ই-ওয়ালেট চালুর বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় এআই-নির্ভর ডেটা সেন্টার স্থাপনের ওপর জোর দিয়েছে দলটি।
এমএন

