Logo

প্রযুক্তি

নির্বাচনে নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫

নির্বাচনে নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি

সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে এবার নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্ত হয়েছে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি।

শুক্রবার মৌলভীবাজারের জুড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা জানান, নির্বাচনের নিরাপত্তায় সিলেট ও মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের সাড়ে ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় স্থাপন করা হয়েছে চারটি অস্থায়ী বেসক্যাম্প। সীমান্তঘেঁষা উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করলেও অন্যান্য এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে তারা। প্রতিটি সদস্যের সঙ্গে থাকছে প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও দ্রুত যাতায়াতের জন্য যানবাহন।

নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে ৫২ বিজিবি  বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, পাইপগান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। কর্মকর্তাদের মতে, এই অভিযানের ফলেই সম্ভাব্য অনেক বড় ধরনের নাশকতার ছক নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে।

ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতেও রাখা হচ্ছে কড়া নজর।

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর