আইওএসের নতুন সংস্করণে ভোগান্তিতে আইফোন ব্যবহারকারীরা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২
অ্যাপলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইওএস ২৬.২.১ নিয়ে বিপাকে পড়েছেন অনেক আইফোন ব্যবহারকারী। নতুন এই হালনাগাদটি আইফোনে ইনস্টল করার পর থেকেই নানা ধরনের কারিগরি জটিলতা দেখা দিচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, আপডেট দেওয়ার পর থেকে ফোনে অ্যাপ ক্র্যাশ বা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এবং ওয়াই ফাই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে।
সাধারণত আগের সংস্করণের ত্রুটি সংশোধন ও ফোনের কর্মক্ষমতা বাড়াতে সফটওয়্যার হালনাগাদ আনা হলেও এবারের অভিজ্ঞতা উল্টো। ব্যবহারকারীরা জানাচ্ছেন, এই সংস্করণটি ইনস্টল করার পর ফোন নিজে থেকেই রিস্টার্ট হচ্ছে এবং ব্লুটুথ সংযোগেও সমস্যা দেখা দিচ্ছে। এমনকি কমিউনিটি ফোরামে ক্ষোভ প্রকাশ করে এক ব্যবহারকারী জানান, এই আপডেটটি নেওয়ার জন্য তাকে ফোনে প্রায় ৩০ গিগাবাইট জায়গা খালি করতে হয়েছিল। কিন্তু অনেক প্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার পর আপডেট সম্পন্ন হলেও ফোনটি বারবার হ্যাং করছে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই সিস্টেম ক্র্যাশ করায় অনেক ক্ষেত্রে ফোনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এটি কোনো পরীক্ষামূলক বা ‘বেটা’ সংস্করণ নয়, বরং সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা একটি স্থিতিশীল (স্টেবল) সংস্করণ। ফলে আইফোনের মতো দামী ডিভাইসে এমন নির্ভরযোগ্যতাহীন পারফরম্যান্স গ্রাহকদের মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষ তৈরি করেছে। বিশেষ করে অ্যাপ ক্র্যাশ এবং সংযোগজনিত সমস্যাগুলো দৈনন্দিন কাজে বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে।
এমএন

