আপনার ভোটকেন্দ্র কোথায়? ঘরে বসেই মিলবে বিস্তারিত তথ্য
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ভোট দিতে যাওয়ার আগে নিজের ভোটকেন্দ্রটি কোথায় কিংবা কেন্দ্রে আপনার সিরিয়াল নম্বর কত এমন সাধারণ কিন্তু জরুরি প্রশ্নগুলোর উত্তর পেতে এখন আর ভোটারদের দুশ্চিন্তা করতে হবে না। প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় থাকা স্মার্টফোন ব্যবহার করেই এখন নিজের ভোটকেন্দ্রের অবস্থান ও প্রয়োজনীয় সব তথ্য জেনে নেওয়া সম্ভব হচ্ছে।
ভোটারদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে বিশেষ মোবাইল অ্যাপ 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' (Smart Election Management BD)। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একজন ভোটার ঘরে বসেই তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটকেন্দ্রের নাম, নম্বর ও সঠিক অবস্থান শনাক্ত করতে পারবেন। সম্প্রতি নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সংবাদমাধ্যমকে এই আধুনিক সুবিধার কথা নিশ্চিত করেছেন।
গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। ইনস্টল করার পর ভোটারের জন্মতারিখ ও এনআইডি নম্বর দিলেই পর্দায় ভেসে উঠবে নির্দিষ্ট ভোটকেন্দ্রের ছবি, জিও লোকেশন এবং ম্যাপ। এমনকি বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব কতটুকু, তাও সরাসরি দেখা যাবে এই অ্যাপে। শুধু তাই নয়, কেন্দ্রে নিজের ভোটিং সিরিয়াল নম্বর কত, সেটিও আগেভাগে জেনে নেওয়ার সুযোগ থাকছে এতে।
ভোটারদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি নির্বাচনী খবরাখবর জানার মাধ্যম হিসেবেও কাজ করবে এই অ্যাপ। এতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর পরিচয়, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা এবং ভোটের ফলাফল সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে। নির্বাচনকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে এবং ভোটারদের হয়রানি কমাতে ইসির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমএন

