Logo

প্রযুক্তি

টিকটকের নেশা ধরানো ফিচার বন্ধের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৯

টিকটকের নেশা ধরানো ফিচার বন্ধের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিকটকের নেশা ধরানো সব ফিচার বন্ধের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে অ্যাপটির ‘ইনফিনিট স্ক্রল’ বা অন্তহীন স্ক্রলিং এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়ার (অটোপ্লে) মতো কারিগরি কৌশলগুলো ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সংস্থাটি। শিশুদের সুরক্ষায় এবং অ্যাপটির আসক্তি কমাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, টিকটকের ডিজাইন বা নির্মাণশৈলী এমনভাবে তৈরি যা ব্যবহারকারীকে অনেকটা ‘অটোপাইলট’ মোডে নিয়ে যায়। এতে ব্যবহারকারী নিজের অজান্তেই ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করতে থাকেন, যা তাদের আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয়। কমিশনের মতে, টিকটকের এই আসক্তি সৃষ্টিকারী অ্যালগরিদম ইউরোপের ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’ (ডিএসএ) লঙ্ঘন করছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক তাদের প্ল্যাটফর্মে শিশুদের অতিমাত্রায় আসক্তি এবং গভীর রাত পর্যন্ত অ্যাপ ব্যবহারের মতো বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। বর্তমানে অ্যাপটিতে থাকা স্ক্রিন টাইম লিমিট বা প্যারেন্টাল কন্ট্রোল টুলগুলো খুব একটা কার্যকর নয়, কারণ এগুলো খুব সহজেই এড়িয়ে যাওয়া যায়। এ কারণে ইইউ নির্দেশ দিয়েছে যে, টিকটককে তাদের মৌলিক ডিজাইনে পরিবর্তন আনতে হবে এবং আসক্তি তৈরি করে এমন সব ফিচার পর্যায়ক্রমে সরিয়ে নিতে হবে।

তবে টিকটক কর্তৃপক্ষ এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের এক মুখপাত্র জানান, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেবেন। যদি শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়, তবে টিকটককে তাদের বিশ্বব্যাপী আয়ের ওপর ভিত্তি করে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।


সূত্র : techcrunch

এমএন


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর