আইফোন ১৭ই- এ১৯ চিপ ও ম্যাগসেফ নিয়ে শিগগিরই আসছে
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২
আইফোনপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে আসছে অ্যাপল। প্রযুক্তিবিশ্বে জোর গুঞ্জন, খুব শিগগিরই বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের নতুন বাজেটবান্ধব ফোন ‘আইফোন ১৭ই’ (iPhone 17e)। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের মতে, এই ফোনটি অ্যাপলের এন্ট্রি-লেভেল বা সাশ্রয়ী দামের ফোনের বাজারে এক বড় চমক হতে যাচ্ছে।
এই নতুন ফোনটি মূলত গত বছর মুক্তি পাওয়া আইফোন ১৬ই-এর উত্তরসূরি। তবে এবার বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। সবচেয়ে বড় খবর হলো, আইফোন ১৭ই মডেলে যুক্ত হচ্ছে অ্যাপলের শক্তিশালী ‘এ১৯’ (A19) চিপ, যা মূল আইফোন ১৭ সিরিজেও ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, কম দামে ফোন কিনলেও পারফরম্যান্সে কোনো ছাড় দিতে হবে না গ্রাহকদের।
আগের মডেল অর্থাৎ আইফোন ১৬ই-তে ম্যাগসেফ (MagSafe) চার্জিং সুবিধা না থাকায় অনেকেই হতাশ হয়েছিলেন। গ্রাহকদের সেই আক্ষেপ দূর করতে আইফোন ১৭ই মডেলে ম্যাগসেফ সুবিধা ফিরিয়ে আনা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই তারবিহীন চার্জার এবং অন্যান্য অ্যাকসেসরিজ ব্যবহার করতে পারবেন।
গুরম্যানের তথ্যমতে, অ্যাপল এই ফোনটির দাম বাড়াবে না। আইফোন ১৬ই-এর মতোই এর দাম ৫৯৯ ডলার (লোকাল ট্যাক্স ও ভ্যাট ছাড়া)। অ্যাপল মূলত উন্নয়নশীল দেশগুলোর বাজার ধরতে এবং এন্টারপ্রাইজ গ্রাহকদের আকৃষ্ট করতে এই ফোনটিকে গুরুত্বের সঙ্গে প্রচার করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদ্বন্দী কোম্পানিগুলোর সাথে পাল্লা দিতেও এই ফোনটি অ্যাপলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যেখানে গুগলের পিক্সেল ১০এ-তে খুব একটা নতুনত্ব থাকছে না বলে শোনা যাচ্ছে এবং স্যামসাং মূলত তাদের ফ্ল্যাগশিপ বা দামী ফোনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে, সেখানে সাশ্রয়ী দামে শক্তিশালী প্রসেসর ও ম্যাগসেফ সুবিধা দিয়ে আইফোন ১৭ই বাজার মাতাতে পারে। সবকিছু ঠিক থাকলে খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল এই নতুন ফোনটি প্রকাশের ঘোষণা দিতে পারে।
সূত্র : theverge
এমএন

