চীনা গাড়ির প্রবেশ ঠেকাতে কঠোর মার্কিন প্রশাসন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২
যুক্তরাষ্ট্রের বাজারে চীনা গাড়ির প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে গেছে মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের শেষ সময়ে চূড়ান্ত হওয়া নতুন নীতিমালায় যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া গাড়িতে চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় বিপাকে পড়েছে চীনা অটোমোবাইল জায়ান্ট ‘জিলি’ (Geely)। জিলি মূলত বিখ্যাত সুইডিশ ব্র্যান্ড ভলভো (Volvo) এবং পোলস্টারের (Polestar) মূল মালিক।
এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য চীনের ‘কানেক্টেড কার’ বা ইন্টারনেট সংযুক্ত গাড়ি প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের চূড়ান্ত করা এই নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের মডেল থেকে গাড়িতে চীনা সফটওয়্যার এবং ২০৩০ সালের মডেল থেকে চীনা হার্ডওয়্যার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হবে।
বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞার ফলে জিলি অন্য যেকোনো চীনা কোম্পানির চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, বিওয়াইডি (BYD) বা অন্যান্য চীনা কোম্পানির যুক্তরাষ্ট্রে তেমন কোনো বাজার নেই। কিন্তু জিলি তাদের সহযোগী প্রতিষ্ঠান ভলভো এবং পোলস্টারের মাধ্যমে ইতিমধ্যেই মার্কিন বাজারে শক্ত অবস্থানে রয়েছে। জিলির মালিকানাধীন লোটাস (Lotus) এবং জিকার (Zeekr) ব্র্যান্ডগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
মার্কিন সরকারের দাবি, আধুনিক গাড়িগুলো ক্যামেরা, মাইক্রোফোন ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে বিপুল তথ্য সংগ্রহ করে। এই তথ্য ‘শত্রুভাবাপন্ন দেশ’ বা চীনের হাতে গেলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। এমনকি দূর থেকে গাড়ি হ্যাক করে দুর্ঘটনা ঘটানোর আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
এই পরিস্থিতি জিলির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ভলভো এবং পোলস্টারকে যুক্তরাষ্ট্রে ব্যবসা টিকিয়ে রাখতে হলে তাদের পুরো সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন ঢেলে সাজাতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। অন্যথায়, বিখ্যাত এই ব্র্যান্ডগুলোকে যুক্তরাষ্ট্রের বাজার ছাড়তে হতে পারে।
সূত্র : .theverge
এমএন

