সহপ্রতিষ্ঠাতাদের বিদায়ের ভিড়েও থামছেন না ইলন মাস্ক, এবার লক্ষ্য চাঁদের বুকে কারখানা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘এক্সএআই’ (xAI) বর্তমানে বেশ বড়সড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতারা একে একে বিদায় নিচ্ছেন, অন্যদিকে সামনেই অপেক্ষা করছে আইপিও বা শেয়ার বাজারে আসার প্রক্রিয়া। ঠিক এমন এক উত্তাল সময়ে কর্মীদের নিয়ে আয়োজিত এক বৈঠকে মাস্ক শোনালেন তার নতুন এক স্বপ্নের কথা। পৃথিবী নয়, এবার সরাসরি চাঁদের বুকেই স্যাটেলাইট তৈরির কারখানা গড়ে তুলতে চান তিনি।
জানা গেছে, সম্প্রতি এক্সএআই-এর সহপ্রতিষ্ঠাতা টনি উ এবং জিমি বা প্রতিষ্ঠানটি ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে এক্সএআই-এর ১২ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে ৬ জনই প্রতিষ্ঠানটি ত্যাগ করলেন। ঠিক এই সময়টিতেই মাস্ক তার অবশিষ্ট কর্মীদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সবার চেয়ে এগিয়ে থাকতে হলে তাদের আরও বড় পরিসরে ভাবতে হবে।
মাস্কের এই নতুন পরিকল্পনায় চাঁদে একটি উৎপাদন কেন্দ্র বা কারখানা স্থাপনের কথা বলা হয়েছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্যাটেলাইট তৈরি করা হবে এবং একটি বিশালাকার নিক্ষেপক যন্ত্রের মাধ্যমে সেগুলোকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। মাস্কের মতে, এই পদ্ধতিটি এক্সএআই-কে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি কম্পিউটিং ক্ষমতা বা প্রযুক্তিগত সুবিধা এনে দেবে।
বৈঠকে মাস্ক আত্মবিশ্বাসের সুরে বলেন, "আমাদের চাঁদে যেতেই হবে। বিষয়টি কল্পনার অতীত মনে হতে পারে, কিন্তু এটি যখন বাস্তবে রূপ নেবে, তখন তা হবে এক অভাবনীয় দৃশ্য।"
তবে মাস্কের এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে প্রশ্নও উঠছে। মহাকাশ থেকে সম্পদ আহরণের আইনি জটিলতা এবং চাঁদে কারখানা স্থাপনের প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো এখনই সমাধান করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে যখন অভিজ্ঞ সহকর্মীরা একের পর এক সঙ্গ ছাড়ছেন, তখন মাস্কের এই চন্দ্রজয়ের স্বপ্ন কতটা বাস্তবসম্মত তা নিয়ে টেক দুনিয়ার গুঞ্জন শুরু হয়ে গেছে।
সূত্র : techcrunch
এমএন

