Logo

প্রযুক্তি

অ্যাপল ভিশন প্রো ব্যবহারকারীদের অপেক্ষার অবসান, অবশেষে নিজস্ব অ্যাপ আনল ইউটিউব

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮

অ্যাপল ভিশন প্রো ব্যবহারকারীদের অপেক্ষার অবসান, অবশেষে নিজস্ব অ্যাপ আনল ইউটিউব

অ্যাপল ভিশন প্রো বাজারে আসার পর দীর্ঘ দুই বছর কেটে গেছে। এত দিন এই অত্যাধুনিক ডিভাইসে ইউটিউব দেখার জন্য ব্যবহারকারীদের সাফারি ব্রাউজারের ওপর নির্ভর করতে হতো, যা ছিল বেশ অসুবিধাজনক। অবশেষে সেই ভোগান্তি দূর হলো। অ্যাপল ভিশন প্রো-র জন্য নিজেদের অফিশিয়াল অ্যাপ চালু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।

১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি উন্মুক্ত করা হয়। এর ফলে এখন থেকে ভিশন প্রো ব্যবহারকারীরা বিশাল ভার্চ্যুয়াল স্ক্রিনে ইউটিউবের সাধারণ ভিডিও এবং শর্টস উপভোগ করতে পারবেন। অ্যাপলের মুখপাত্র কোরি নর্ড নিশ্চিত করেছেন যে, অ্যাপটিতে ‘স্পেশিয়াল ভিডিও’ (Spatial Video) এর জন্য একটি ডেডিকেটেড ট্যাব রাখা হয়েছে। এই ট্যাবের মাধ্যমে সহজেই থ্রি-ডি, ভিআর-১৮০ এবং ৩৬০-ডিগ্রি ভিডিও কন্টেন্ট খুঁজে পাওয়া যাবে।

প্রযুক্তিপ্রেমীদের জন্য বাড়তি সুখবর হলো, নতুন এই অ্যাপটি এম-২ চিপসহ সব মডেলে চলবে। আর যারা এম-৫ চিপযুক্ত দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ভিশন প্রো ব্যবহার করবেন, তারা এতে ৮কে (8K) রেজল্যুশনের ভিডিও দেখার সুযোগ পাবেন। অ্যাপটি পরিচালনার জন্য জেশ্চার কন্ট্রোল বা হাতের ইশারা ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। ফলে খুব সহজেই ভিডিওর উইন্ডো ছোট-বড় করা বা ভিডিও টেনে দেখা যাবে। এছাড়া সাফারি ব্রাউজারে অফলাইন ডাউনলোডের কোনো সুবিধা ছিল না, যা এই নতুন অ্যাপে যুক্ত করা হয়েছে। এখন ভ্রমণের সময় ইন্টারনেট সংযোগ ছাড়াও ভিডিও দেখা সম্ভব হবে।

উল্লেখ্য, শুরুতে অ্যাপল ভিশন প্রো-র জন্য আলাদা অ্যাপ তৈরিতে ইউটিউবের বেশ অনাগ্রহ ছিল। ডিজনি প্লাস বা আমাজন প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মগুলো শুরু থেকেই তাদের অ্যাপ সেবা দিলেও ইউটিউব পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। মাঝখানে ‘জুনো’ নামের একটি থার্ড-পার্টি অ্যাপ দিয়ে অনেকে কাজ চালাতেন, কিন্তু ২০২৪ সালের অক্টোবরে নীতিমালার কারণে সেটিও অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়। দেরিতে হলেও ইউটিউবের এই উদ্যোগে ভিশন প্রো ব্যবহারকারীদের দীর্ঘদিনের আক্ষেপ ঘুচল।


সূত্র : techcrunch 

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর