Logo

প্রযুক্তি

ডিপসিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরির অভিযোগ আনল ওপেনএআই

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫

ডিপসিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরির অভিযোগ আনল ওপেনএআই

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিপসিক’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক মেমোতে ওপেনএআই দাবি করেছে, তাদের তৈরি মডেল থেকে তথ্য বা ফলাফল চুরি করে নিজেদের চ্যাটবট ‘আর১’ (R1)-এর পরবর্তী সংস্করণ তৈরি করছে চীনা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই যুক্তরাষ্ট্রের হাউস সিলেক্ট কমিটির কাছে এই অভিযোগনামা জমা দিয়েছে।

ওপেনএআইয়ের দাবি, ডিপসিক ‘ডিস্টিলেশন’ (Distillation) নামের একটি জটিল ও অনৈতিক প্রক্রিয়া ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় একটি শক্তিশালী ও উন্নত এআই মডেলের আউটপুট বা ফলাফল ব্যবহার করে অপেক্ষাকৃত ছোট বা নতুন একটি মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওপেনএআইয়ের মতে, এটি মূলত তাদের এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য উন্নত গবেষণাগারের মেধা ও সক্ষমতার ওপর ‘বিনা পয়সায় চড়ে বসা’র (Free-ride) নামান্তর।

মেমোতে আরও উল্লেখ করা হয়, ওপেনএআই তাদের মডেলগুলোর অপব্যবহার রোধে যেসব সুরক্ষা ব্যবস্থা (Defenses) তৈরি করেছিল, ডিপসিক তা পাশ কাটাতে অভিনব সব ‘ছদ্মবেশী কৌশল’ (Obfuscation techniques) ব্যবহার করছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই মডেলগুলো থেকে ফলাফল বের করে নিচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ডিপসিক তাদের ‘আর১’ মডেলটি বাজারে আনার পর থেকেই প্রযুক্তি বিশ্বে শোরগোল পড়ে যায়। অত্যন্ত কম খরচে শক্তিশালী এআই সেবা দিয়ে তারা বাজারের সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে। তবে ওপেনএআই শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিল যে, ডিপসিকের এই দ্রুত সাফল্যের পেছনে তাদের প্রযুক্তি নকল করার বিষয়টি জড়িত থাকতে পারে। এবার সেই অভিযোগটিই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে তুলে ধরল স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠান।

সূত্র : reuters

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর