Logo

প্রযুক্তি

রাশিয়ায় নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫

রাশিয়ায় নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ

রাশিয়ার সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ অবশেষে বন্ধ করে দিল দেশটির সরকার। মেটার মালিকানাধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম আগে থেকেই নিষিদ্ধ ছিল, এবার সেই তালিকায় যুক্ত হলো হোয়াটসঅ্যাপ। রয়টার্স ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ান ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ‘রকমনডজোর’ (Roskomnadzor) তাদের অনলাইন ডিরেক্টরি থেকে হোয়াটসঅ্যাপকে সরিয়ে দিয়েছে। এর ফলে দেশটির প্রায় ১০ কোটি ব্যবহারকারী এখন আর ভিপিএন বা জটিল কারিগরি সহায়তা ছাড়া অ্যাপটিতে প্রবেশ করতে পারছেন না।

ক্রেমলিনের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে মেটার ‘রাশিয়ান আইন মেনে না চলার’ বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপের আসল উদ্দেশ্য হলো মানুষকে রাষ্ট্র-নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ (MAX) ব্যবহারে বাধ্য করা। মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, “রাশিয়ার ১০ কোটিরও বেশি মানুষকে ব্যক্তিগত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার এই চেষ্টা তাদের নিরাপত্তার জন্য হুমকি এবং এটি একটি পশ্চাৎমুখী পদক্ষেপ।”

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়া নিজেদের ইন্টারনেট জগতকে পশ্চিমা প্রভাবমুক্ত করার চেষ্টা চালিয়ে আসছে। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রামকে ‘চরমপন্থী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। এতদিন হোয়াটসঅ্যাপ কিছুটা ছাড় পেলেও, এখন আর সেই সুযোগ থাকছে না। রাশিয়ার সরকারি কর্মকর্তারা অবশ্য বলছেন, মেটা যদি রাশিয়ার আইন মেনে চলে তবে ভবিষ্যতে আলোচনার সুযোগ থাকতে পারে। কিন্তু সমালোচকরা আশঙ্কা করছেন, সরকার মূলত নাগরিকদের ওপর নজরদারি বাড়াতেই নিজস্ব অ্যাপ ‘ম্যাক্স’-এর দিকে সবাইকে ঠেলে দিচ্ছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা ক্ষুণ্ন করতে পারে।

সূত্র : reuters

এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর