Logo

প্রযুক্তি

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা

ইরানি নেতাদের টাকার বিনিময়ে ‘ব্লু-টিক’ দিচ্ছে ইলন মাস্কের এক্স

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭

ইরানি নেতাদের টাকার বিনিময়ে ‘ব্লু-টিক’ দিচ্ছে ইলন মাস্কের এক্স

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার পরও ইরানের শীর্ষ নেতাদের কাছে ‘প্রিমিয়াম অ্যাকাউন্ট’ বা ভেরিফায়েড ‘ব্লু-টিক’ বিক্রি করছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘ওয়্যারড’ এর এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব ইরানি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা (স্যাংশন) রয়েছে, তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এক্স কর্তৃপক্ষ মাসিক ফি এর বিনিময়ে এসব নিষিদ্ধ ব্যক্তিদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন ব্যাজ প্রদান করছে।

প্রযুক্তি খাতের স্বচ্ছতা নিয়ে কাজ করা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের (টিটিপি) গবেষণায় দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা, রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের বেশ কিছু অ্যাকাউন্টে অর্থের বিনিময়ে এই প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়েছে।

টুইটারের পুরোনো নিয়মে ‘ব্লু-টিক’ ছিল পরিচিতি ও বিশ্বাসযোগ্যতার প্রতীক, যা বিনামূল্যে দেওয়া হতো। কিন্তু ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর এটি ‘এক্স প্রিমিয়াম’ নামের একটি সাবস্ক্রিপশন মডেলে রূপান্তরিত হয়। অর্থাৎ, এখন টাকা দিলেই এই নীল টিক মেলে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল নীতিগত ভুল নয়, বরং যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের সরাসরি লঙ্ঘন। কারণ, সাবস্ক্রিপশন বিক্রি করার মাধ্যমে এক্স মূলত নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেন করছে।

বিশেষজ্ঞদের মতে, এক্স এর এই যাচাই প্রক্রিয়া যে কতটা দুর্বল, তা আবারও প্রমাণিত হলো। নামমাত্র যাচাই বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে অর্থের বিনিময়ে এই সেবা দেওয়ায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না মাস্কের প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক মহলে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।


এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর