Logo

প্রযুক্তি

বেঙ্গালুরুতে নাথিং-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর, মিলবে অভিনব অভিজ্ঞতা

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯

বেঙ্গালুরুতে নাথিং-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর, মিলবে অভিনব অভিজ্ঞতা

অবশেষে ভারতের প্রযুক্তপ্রেমীদের অপেক্ষার অবসান হলো। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘নাথিং’ (Nothing) ভারতে তাদের প্রথম ফ্ল্যাগশিপ রিটেইল স্টোর চালু করেছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে ভারতের সিলিকন ভ্যালিখ্যাত বেঙ্গালুরুতে এই স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্টোরটি উদ্বোধন করেন নাথিং-এর প্রধান নির্বাহী কার্ল পেই এবং ভারতের প্রেসিডেন্ট আকিস ইভানজেলিস। বেঙ্গালুরুর ইন্দিরা নগরের ১০০ ফুট রোডে অবস্থিত ৫ হাজার ৩২ বর্গফুটের এই বিশাল স্টোরটি কেবল একটি সাধারণ দোকান নয়, বরং প্রযুক্তি ও নান্দনিকতার এক অপূর্ব সংমিশ্রণ হিসেবে গড়ে তোলা হয়েছে।

লন্ডনের সোহোতে অবস্থিত প্রথম স্টোরের পর এটি নাথিং-এর দ্বিতীয় গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের এই স্টোরটি তাদের জন্য এক বড় মাইলফলক।

নান্দনিক ডিজাইন ও পরিবেশ

স্টোরটির নকশায় ‘রেট্রো-ফিউচারিজম’ বা সত্তরের দশকের কারখানার আদল ফুটিয়ে তোলা হয়েছে। নাথিং-এর মূল দর্শন ‘স্বচ্ছতা’ বা ট্রান্সপারেন্সিকে প্রাধান্য দিয়ে এতে ব্যবহার করা হয়েছে উন্মুক্ত কংক্রিট, অ্যালুমিনিয়াম, স্টিল এবং কাঁচ। আধুনিক প্রযুক্তির সাথে এমন খোলামেলা নকশা দর্শনার্থীদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে।

কী থাকছে এই স্টোরে?

দোতলা এই স্টোরটিতে নাথিং এবং তাদের সাব-ব্র্যান্ড ‘সিএমএফ’ (CMF)-এর সব ধরনের পণ্য, যেমন—স্মার্টফোন, অডিও ডিভাইস এবং স্মার্টওয়াচ পাওয়া যাবে। তবে এটি কেবল কেনাকাটার জায়গা নয়। এখানে রয়েছে:

  • ক্রিয়েটর স্টুডিও : কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ স্টুডিও, যেখানে তারা আনবক্সিং ভিডিও বা রিভিউ শুট করতে পারবেন।
  • কমিউনিটি জোন : প্রযুক্তিপ্রেমীদের আড্ডা দেওয়ার জন্য বিশেষ জায়গা, যেখানে বিনামূল্যে পানীয়র ব্যবস্থাও রয়েছে।
  • ইন্টার‌্যাক্টিভ জোন : আর্কেড গেমের মতো ভেন্ডিং মেশিন, ক্ল মেশিন (Claw machine) এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে পণ্য প্রদর্শনী।
  • এক্সক্লুসিভ সেবা : পণ্য কেনার পর তাতে নাম খোদাই (Laser engraving) করার সুবিধাও মিলবে এখানে, যা অন্য কোথাও পাওয়া যাবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিস ইভানজেলিস বলেন, 'আমরা গতানুগতিক কোনো দোকান তৈরি করতে চাইনি। আমরা চেয়েছি এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে মানুষ আমাদের ব্র্যান্ডের গল্পটা জানবে এবং প্রযুক্তির সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে।'

নাথিং জানিয়েছে, বেঙ্গালুরুর পর খুব শীঘ্রই নিউ ইয়র্ক এবং টোকিওতে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্টোর চালু করার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রযুক্তিপ্রেমীদের জন্য এই স্টোরটি খোলা থাকবে।

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি মোবাইল ফোন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর