Logo

প্রযুক্তি

এআইয়ের ক্ষুধা : বছরের শুরুতেই শেষ হার্ডড্রাইভ, সংকটে সাধারণ গ্রাহক

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১

এআইয়ের ক্ষুধা : বছরের শুরুতেই শেষ হার্ডড্রাইভ, সংকটে সাধারণ গ্রাহক

মাত্র ফেব্রুয়ারি মাস চলছে। ২০২৬ সাল শেষ হতে এখনো দশ মাসেরও বেশি বাকি। অথচ এখনই সারা বছরের সব হার্ডড্রাইভ বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ স্টোরেজ নির্মাতা প্রতিষ্ঠান 'ওয়েস্টার্ন ডিজিটাল'। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানিগুলোর গগনচুম্বী চাহিদার কারণেই এই নজিরবিহীন ঘটনা ঘটেছে।

সাধারণ গ্রাহকদের জন্য এটি মোটেও স্বস্তির খবর নয়। ওয়েস্টার্ন ডিজিটাল পরিষ্কার জানিয়ে দিয়েছে, এ বছর নতুন করে হার্ডড্রাইভ কেনার সুযোগ বা স্টক পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সব গ্রাস করছে এআই 

সম্প্রতি ওয়েস্টার্ন ডিজিটালের প্রান্তিক আয়-ব্যয়ের হিসাব বা আর্নিংস কলে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরভিং তান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "২০২৬ সালের জন্য আমাদের হাতে থাকা সব পণ্য কার্যত বিক্রি হয়ে গেছে।"

প্রতিষ্ঠানটি জানায়, তাদের স্টোরেজ ক্ষমতার সিংহভাগই দখল করে নিয়েছে তাদের শীর্ষ সাত গ্রাহক। এই সাতটি বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠান এতটাই মরিয়া যে, তাদের মধ্যে তিনটি কোম্পানি ২০২৭ এবং ২০২৮ সালের জন্যও আগাম চুক্তি করে রেখেছে। অর্থাৎ, আগামী কয়েক বছর সাধারণ মানুষের জন্য হার্ডড্রাইভ বা স্টোরেজ ডিভাইস পাওয়া বেশ কঠিন হতে পারে।

সাধারণ মানুষের কী হবে?

এক সময় প্রযুক্তি কোম্পানিগুলোর মূল লক্ষ্য থাকত সাধারণ ভোক্তা বা কনজিউমার মার্কেট। কিন্তু এআইয়ের উত্থানের ফলে সেই চিত্র এখন পুরোপুরি বদলে গেছে। ওয়েস্টার্ন ডিজিটালের দেওয়া তথ্যমতে, বর্তমানে তাদের মোট আয়ের মাত্র ৫ শতাংশ আসছে সাধারণ ভোক্তাদের বাজার থেকে। বাকি পুরোটাই চলে যাচ্ছে এন্টারপ্রাইজ বা বড় বড় কর্পোরেট গ্রাহকদের দখলে।

এর ফলে বাজারে হার্ডড্রাইভের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই র‍্যাম (RAM) থেকে শুরু করে প্রসেসর সবকিছুর দামই এআই কোম্পানিগুলোর চাহিদার কারণে আকাশচুম্বী। শোনা যাচ্ছে, হার্ডওয়্যার সংকটের কারণে সনি তাদের পরবর্তী প্লে-স্টেশন বা গেমিং কনসোলের মুক্তি ২০২৭ সালের পরেও পিছিয়ে দেওয়ার কথা ভাবছে।

বিশ্লেষকদের মতে, যতদিন এআই নিয়ে বিনিয়োগকারীদের উন্মাদনা থাকবে, ততদিন এই হার্ডওয়্যার সংকট ও মূল্যবৃদ্ধির ধকল সাধারণ গ্রাহকদের সয়ে যেতে হবে।

সূত্র : mashable

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর