Logo

প্রযুক্তি

ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন ওপেনক্ল’র স্রষ্টা

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮

ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন ওপেনক্ল’র স্রষ্টা

জনপ্রিয় ওপেন সোর্স এআই প্রজেক্ট  ওপেনক্ল’র (OpenClaw) প্রতিষ্ঠাতা পিটার স্টেইনবার্জার কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ওপেনএআইর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটার স্টেইনবার্জার মূলত পরবর্তী প্রজন্মের পার্সোনাল এআই এজেন্ট  নিয়ে কাজ করবেন। স্যাম অল্টম্যান তাঁর পোস্টে পিটারকে ‘জিনিয়াস’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে স্মার্ট এআই এজেন্টরা কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে মানুষের জটিল কাজগুলো সহজ করে দেবে, সে বিষয়ে পিটারের চমৎকার সব ধারণা রয়েছে। ওপেনএআই আশা করছে, পিটারের এই অভিজ্ঞতা তাদের পণ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রযুক্তি বিশ্বে পিটার স্টেইনবার্জার বেশ পরিচিত নাম। তাঁর তৈরি ‘ওপেনক্ল’ প্রজেক্টটি খুব অল্প সময়েই ডেভেলপারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। শুরুতে এটি ‘ক্লডবট’ (Clawdbot) এবং পরে ‘মোল্টবট’ (Moltbot) নামে পরিচিত ছিল। আইনি ও ব্র্যান্ডিং জটিলতা এড়াতে পরে নাম পরিবর্তন করে ‘ওপেনক্ল’ রাখা হয়। এটি এমন একটি এআই ফ্রেমওয়ার্ক, যা ব্যবহারকারীর হয়ে ইমেইল চেক করা, ফ্লাইটের টিকিট কাটা বা রেস্তোরাঁ বুকিংয়ের মতো কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।

ওপেনএআইতে যোগ দিলেও ওপেনক্ল’র ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পিটার। তিনি নিশ্চিত করেছেন যে, ওপেনক্ল একটি ‘ফাউন্ডেশন’ বা স্বতন্ত্র কাঠামোর অধীনে সম্পূর্ণ ওপেন সোর্স বা উন্মুক্ত প্রজেক্ট হিসেবেই থাকবে। ওপেনএআই এই প্রজেক্টে সহায়তা অব্যাহত রাখবে।

নিজের ব্লগে এক পোস্টে পিটার লিখেছেন, তিনি মূলত একজন এআই বিল্ডার (Builder)। বড় কোনো করপোরেট প্রতিষ্ঠান গড়ে তোলার চেয়ে এআই প্রযুক্তির মাধ্যমে পৃথিবী বদলে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, ১৩ বছর ধরে কোম্পানি গড়ার অভিজ্ঞতা আমার আছে। কিন্তু এখন আমি এমন একটি এজেন্ট তৈরি করতে চাই, যা আমার মা ও সহজে ব্যবহার করতে পারবেন। আর এই লক্ষ্য পূরণে ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হওয়াই আমার কাছে সবচেয়ে দ্রুত ও কার্যকর পথ মনে হয়েছে।

সম্প্রতি মেটা এবং ওপেনএআই উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই পিটারের কাছে প্রস্তাব ছিল। শেষ পর্যন্ত তিনি ওপেনএআইকে বেছে নিলেন। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, পিটারের এই যোগদান ওপেনএআইয়ের অটোনোমাস এজেন্ট বা স্বয়ংক্রিয় এআই প্রযুক্তির দৌড়ে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

সূত্র : theverge

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর