Logo

প্রযুক্তি

ভারতে চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী ১০ কোটি : স্যাম অল্টম্যান

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮

ভারতে চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী ১০ কোটি : স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিপ্লবে ভারতের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, ভারতে বর্তমানে প্রতি সপ্তাহে ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রের পর ভারতই এখন চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার। সোমবার নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া সরকারি এআই সম্মেলনের প্রাক্কালে তিনি এ তথ্য প্রকাশ করেন।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত এক নিবন্ধে অল্টম্যান এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ওপেনএআই-এর বৈশ্বিক কৌশলে ভারতের গুরুত্ব এখন অপরিসীম। সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’। এই সম্মেলনে যোগ দিতে অল্টম্যান ছাড়াও গুগলের সুন্দর পিচাই এবং অ্যানথ্রপিক-এর সিইও Dario Amodei-এর মতো বিশ্বখ্যাত প্রযুক্তি নেতারা ভারতে অবস্থান করছেন।

অল্টম্যানের দেওয়া তথ্যমতে, সারা বিশ্বে চ্যাটজিপিটির ব্যবহারকারী দ্রুত বাড়ছে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে এর সাপ্তাহিক ব্যবহারকারী ছিল ৮০ কোটি, যা এখন ৯০ কোটির দোরগোড়ায়। এর মধ্যে ভারতের ১০ কোটি ব্যবহারকারী ওপেনএআই-এর জন্য এক বিশাল মাইলফলক। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের শীর্ষে অবস্থান করছে।

ভারতের বিশাল যুবসমাজ এবং ১০০ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীকে লক্ষ্য করে ওপেনএআই তাদের কার্যক্রম বিস্তার করছে। দীর্ঘ প্রস্তুতির পর ২০২৫ সালের আগস্টে সংস্থাটি নয়াদিল্লিতে তাদের অফিস চালু করে। ভারতের বাজার ধরতে তারা ‘চ্যাটজিপিটি গো’ (ChatGPT Go) নামে ৫ ডলারের কম মূল্যের একটি সাবস্ক্রিপশন চালু করেছিল, যা পরবর্তীতে ভারতীয় ব্যবহারকারীদের জন্য এক বছরের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়।

নিবন্ধে স্যাম অল্টম্যান ভারতের সম্ভাবনার পাশাপাশি সতর্কবার্তাও উচ্চারণ করেছেন। তিনি লিখেন, “প্রযুক্তিগত সাক্ষরতা এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে গণতান্ত্রিকভাবে এআই-এর সুফল ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভারত সুবিধাজনক অবস্থানে রয়েছে।” তবে তিনি এও সতর্ক করেন যে, এআই-এর সুবিধা যদি অসমভাবে বণ্টিত হয়, তবে অর্থনৈতিক লাভ গুটিকয় মানুষের হাতে কুক্ষিগত হওয়ার ঝুঁকি থেকে যায়।

উল্লেখ্য, আসন্ন এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মতো বিশ্বনেতারাও যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রিলায়েন্সের মুকেশ আম্বানি এবং ইনফোসিসের নন্দন নিলেকানির মতো ভারতীয় শীর্ষ ব্যবসায়ীরাও এতে উপস্থিত থাকবেন।

সূত্র : techcrunch

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর