উইকিপিডিয়া থেকে মুছে ফেলা হচ্ছে 'আর্কাইভ ডট টুডে'র সব লিংক, নেপথ্যে সাইবার হামলার অভিযোগ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২
জনপ্রিয় ওয়েব আর্কাইভ পরিষেবা 'আর্কাইভ ডট টুডে' (Archive.today) বয়কটের সিদ্ধান্ত নিয়েছে উইকিপিডিয়া। একজন ব্লগারের ওপর সাইবার হামলা (ডিডিওএস) চালানো এবং আর্কাইভ করা ওয়েবপেজের তথ্য বিকৃতির গুরুতর অভিযোগ ওঠার পর এই কঠোর পদক্ষেপ নিয়েছে অনলাইন বিশ্বকোষটি। এর ফলে উইকিপিডিয়ার প্রায় ৪ লাখ পৃষ্ঠায় থাকা ৬ লাখ ৯৫ হাজারের বেশি লিংক পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হচ্ছে।
তথ্য অনুযায়ী, এই ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। জানি প্যাটোকালিও নামের এক ব্লগার (যিনি অনলাইনে 'গাইরোভ্যাগ' ছদ্মনামে লেখেন) 'আর্কাইভ ডট টুডে' ওয়েবসাইটের মূল মালিকের পরিচয় খুঁজতে গিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। তিনি ওই প্রতিবেদনে তুলে ধরেন, এই ওয়েবসাইটের মালিক 'ডেনিস পেত্রভ' এবং 'মাশা রাবিনোভিচ' এর মতো বিভিন্ন ভুয়া নাম ব্যবহার করে থাকেন।
উইকিপিডিয়ার সম্পাদকেরা জানান, ২০২৬ সালের জানুয়ারিতে 'আর্কাইভ ডট টুডে'র নিয়ন্ত্রকেরা ওই ব্লগারের ওপর ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস) হামলা চালানোর জন্য নিজেদের সাইটে ক্ষতিকর কোড বা ম্যালওয়্যার যুক্ত করে। যখনই কোনো সাধারণ ব্যবহারকারী আর্কাইভ সাইটটির ক্যাপচা (CAPTCHA) পূরণ করতে যেতেন, তখন ওই ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ব্লগারের ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে হামলা চালানো হতো। শুধু তাই নয়, আর্কাইভ করা পুরোনো ওয়েবপৃষ্ঠার স্ক্রিনশটগুলোতেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ব্লগারের নাম যুক্ত করে তথ্য বিকৃত করা হয়েছে বলে প্রমাণ পেয়েছেন উইকিপিডিয়ার সম্পাদকেরা।
ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে 'আর্কাইভ ডট টুডে' বেশ পরিচিত একটি নাম। বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইটের পেওয়াল বা টাকা দিয়ে পড়ার বাধা এড়িয়ে বিনা মূল্যে নিবন্ধ পড়ার ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। ওয়েবসাইটটি মূলত archive.is, archive.ph এবং archive.fo এর মতো একাধিক ডোমেইন নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে।
সাম্প্রতিক এসব ঘটনার পর উইকিপিডিয়া কর্তৃপক্ষ তাদের সব সম্পাদককে নির্দেশ দিয়েছে, বিতর্কিত এই সাইটটির লিংক মুছে ফেলে যেন ইন্টারনেট আর্কাইভ (Internet Archive), ঘোস্টআর্কাইভ (Ghostarchive) বা মেগালোডন (Megalodon) এর মতো বিকল্প এবং নিরাপদ পরিষেবাগুলো ব্যবহার করা হয়।
উইকিপিডিয়ার এই সিদ্ধান্তের পর স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্লগার প্যাটোকালিও। এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, উইকিপিডিয়া সম্প্রদায়ের এমন জোরালো ঐকমত্যে তিনি আনন্দিত। তিনি আরও আশা প্রকাশ করেন, এই ঘটনার পর উইকিমিডিয়া ফাউন্ডেশন হয়তো ভবিষ্যতে নিজেদের জন্য একটি সম্পূর্ণ নিজস্ব আর্কাইভ পরিষেবা তৈরির উদ্যোগ নেবে।
সূত্র : techcrunch
এমএন

