এআই প্রযুক্তির ল্যাপটপ চিপ নিয়ে পিসির বাজারে ফিরছে এনভিডিয়া
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বাজারে এমনিতেই তাদের একচ্ছত্র আধিপত্য। এবার এআই প্রযুক্তির ল্যাপটপ চিপ নিয়ে সরাসরি সাধারণ ভোক্তাদের পার্সোনাল কম্পিউটার বা পিসির বাজারে ফিরতে যাচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ডেল ও লেনোভোর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ল্যাপটপে দেখা যাবে এনভিডিয়ার এই নতুন চিপ। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি এমন একটি 'সিস্টেম অন এ চিপ' (এসওসি) প্রসেসর তৈরি করছে যেখানে এনভিডিয়ার শক্তিশালী জিপিইউয়ের সঙ্গে সিপিইউ যুক্ত থাকবে। স্মার্টফোনের চিপের কাঠামোর আদলে তৈরি এই প্রসেসরের কারণে ল্যাপটপগুলো হবে আগের চেয়ে অনেক বেশি পাতলা। একই সঙ্গে ল্যাপটপের ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ থাকবে এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই প্রযুক্তি ব্যবহারের দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।
মূলত দুটি বড় চুক্তির মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে এনভিডিয়া। প্রথমটি হলো চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেকের সঙ্গে। এই চুক্তির আওতায় এআরএম বা আর্ম কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি চিপগুলো চলতি বছরের প্রথমার্ধেই পিসিতে যুক্ত হতে পারে। ডেল এবং লেনোভো ইতিমধ্যেই এই নকশা ব্যবহার করে নতুন মডেলের ল্যাপটপ তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে। দ্বিতীয় উদ্যোগটি হলো আরেক টেক জায়ান্ট ইন্টেলের সঙ্গে। এই যৌথ উদ্যোগে ইন্টেলের সিপিইউয়ের সঙ্গে এনভিডিয়ার গ্রাফিকস ও এআই প্রযুক্তি যুক্ত করা হবে, যার মূল লক্ষ্য উইন্ডোজ পিসির বিশাল বাজার।
বিশ্লেষকদের মতে এনভিডিয়ার এই যুগান্তকারী পদক্ষেপ উইন্ডোজভিত্তিক ল্যাপটপ নির্মাতাদের বড় ধরনের সুবিধা দেবে। বিশেষ করে পারফরম্যান্স এবং বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে তারা অ্যাপলের ম্যাকবুক সিরিজের সঙ্গে সরাসরি পাল্লা দিতে পারবে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১৫ কোটি ল্যাপটপ বিক্রি হয়। ডেটা সেন্টারের বিশাল ব্যবসার বাইরে এনভিডিয়ার জন্য এটি একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, এই বাজারে এনভিডিয়ার সফলতা মূলত নির্ভর করবে ল্যাপটপের দাম ও ব্যবহারকারীদের সামঞ্জস্যের ওপর। বাজারে ভালো সাড়া পেতে হলে এই ল্যাপটপগুলোর দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে হওয়া উচিত বলে মনে করেন তারা। বিশেষ করে যেসব গেমাররা প্রচলিত ইন্টেল প্রসেসরে অভ্যস্ত, তাদের কাছে এই চিপ কতটা গ্রহণযোগ্য হবে সেটিও একটি বড় বিষয়। আপাতত এই উদ্যোগ থেকে এনভিডিয়ার তাৎক্ষণিক মুনাফা খুব বেশি না হলেও, বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে এটি কোম্পানির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
সূত্র : seekingalpha
এমএন

