Logo

প্রযুক্তি

আইফোন ১৮ প্রো এবং ফোল্ডেবল আইফোনে আসছে নতুন রং

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১

আইফোন ১৮ প্রো এবং ফোল্ডেবল আইফোনে আসছে নতুন রং

প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার প্রহর আরও রোমাঞ্চকর করে তুলতে অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের জন্য নতুন রঙের কথা ভাবছে। ব্লুমবার্গের মার্ক গারম্যানের মতে, এবার এই দুটি প্রিমিয়াম ডিভাইসে 'ডিপ রেড' বা গাঢ় লাল রঙের একটি বিশেষ সংস্করণ পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে এটিই হবে অ্যাপলের প্রো এবং প্রো ম্যাক্স সিরিজের প্রথম কোনো লাল রঙের ফোন। এর আগে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেলে 'প্রোডাক্ট রেড' সংস্করণ দেখা গিয়েছিল, যার পর আর কোনো লাল আইফোন বাজারে আসেনি। তবে এবারের রঙটি ঠিক উজ্জ্বল লাল হবে না, বরং কিছুটা 'বার্গান্ডি' বা কালচে লাল আভার মতো হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গুঞ্জন উঠেছিল যে, অ্যাপল আইফোন ১৮ প্রো মডেলগুলোর জন্য বেগুনি এবং বাদামি রঙের কথাও ভাবছে। তবে গারম্যান জানিয়েছেন, ওই রঙগুলো আসলে এই একই লাল রঙেরই ভিন্ন রূপ। ফলে আলাদা করে বেগুনি বা বাদামি রঙের কোনো মডেল বাজারে আসার সম্ভাবনা নেই বললেই চলে।

অন্যদিকে, অ্যাপলের বহু কাঙ্ক্ষিত ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কিছুটা ভিন্ন পথে হাঁটছে। গারম্যানের মতে, ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে অ্যাপল কোনো চটকদার রঙের দিকে যাবে না। এর বদলে তারা তাদের চিরায়ত স্পেস গ্রে, কালো, রুপালি এবং সাদা রঙের উপরই ভরসা রাখছে।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই আইফোন ১৮ প্রো এবং ফোল্ডেবল আইফোন মডেলগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে অ্যাপল।

সূত্র : macrumors

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর