Logo

প্রযুক্তি

ইচ্ছামতো গান তৈরি করবে স্মার্টফোন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৬:০৭

ইচ্ছামতো গান তৈরি করবে স্মার্টফোন

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে এর ব্যবহার। সেই ধারাবাহিকতায় গুগল তাদের এআই চ্যাটবট গুগল জেমিনিতে যুক্ত করেছে মিউজিক তৈরির শক্তিশালী একটি নতুন ফিচার। এর ফলে ব্যবহারকারীরা এখন খুব সহজেই স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী গান তৈরি করতে পারবেন।

গুগলের নতুন আপডেটে যুক্ত হয়েছে লিরিয়া ৩ প্রো নামের উন্নত এআই মডেল। আগে এই প্ল্যাটফর্মে তৈরি করা অডিও ক্লিপ সাধারণত ৩০ সেকেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকত। কিন্তু নতুন আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় তিন মিনিট দীর্ঘ মিউজিক তৈরি করতে পারবেন। এতে গান আরো পূর্ণাঙ্গ এবং শ্রুতিমধুর হয়ে উঠবে।

গুগলের দাবি, এই নতুন মডেল ব্যবহার করে গান তৈরির প্রক্রিয়া আরো স্বাভাবিক ও পেশাদার মানের হয়েছে। ব্যবহারকারীরা চাইলে গানের আলাদা অংশ যেমন ইন্ট্রো, ভার্স, কোরাস কিংবা ব্রিজ আলাদাভাবে নির্দেশ দিয়ে তৈরি করতে পারবেন। ফলে তৈরি হওয়া গান অনেকটাই বাস্তব মিউজিক কম্পোজিশনের মতো শোনাবে।

এই সুবিধা কেবল বিনোদনের জন্যই নয়, নানা কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন পড়াশোনার সময় শোনার জন্য দীর্ঘ ইনস্ট্রুমেন্টাল সুর তৈরি করা, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য আলাদা সাউন্ডট্র্যাক বানানো কিংবা ছোট ব্যবসার প্রচারের জন্য জিঙ্গল তৈরি করা সবই করা যাবে সহজেই।

গুগল জানিয়েছে, নতুন এই মিউজিক প্রযুক্তি আরো কয়েকটি প্ল্যাটফর্মেও যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গুগল ভিডস, ভার্টেক্স এআই, এআই স্টুডিও এবং প্রোডিউসারএআই। ফলে কনটেন্ট নির্মাতা বা ডেভেলপাররা বিভিন্ন প্ল্যাটফর্মেই এই প্রযুক্তির সুবিধা ব্যবহার করতে পারবেন।

গুগল আরো জানায়, এই মডেল তৈরির সময় তারা মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে কাজ করেছে। ইতিমধ্যেই গ্র্যামি জয়ী প্রযোজক ইয়াং স্পিলবার্গ এবং জনপ্রিয় ডিজে ফ্রাঁসোয়া কে এই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা করেছেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই দিয়ে গান তৈরির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর এবং ছোট ব্যবসার জন্য এটি ভবিষ্যতে নতুন সুযোগ তৈরি করবে। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন