ছবি: সংগৃহীত
চীনের বেইজিংয়ে আয়োজিত ১০০ মিটারের দৌড় নয় দশমিক ৩৯ সেকেন্ডে শেষ করে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের রেকর্ড ভেঙেছে চীনা এক হিউম্যানয়েড রোবট।
আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেইমস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে চমক দেখিয়েছে এই চীনা রোবট। ‘তিয়ানগং আল্ট্রা’ নামের রোবটটি তৈরি করেছে ‘বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার’।
রয়টার্স লিখেছে, দৌড়ের শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় তিয়ানগং, যা সামনে থাকা স্মার্টফোন নির্মাতা কোম্পানি অনারের তৈরি রোবট ‘লাইটনিং’কে টেক্কা দিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছে।
রানার-আপ হওয়া লাইটনিং সময় নিয়েছে নয় দশমিক ৪৭ সেকেন্ড। এটিও ২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের গড়া নয় দশমিক ৫৮ সেকেন্ডের ঐতিহাসিক বিশ্বরেকর্ডের চেয়ে দ্রুততর।
তবে ফিনিশিং লাইনে বোল্টের সেই পরিচিত বিজয়ের ভঙ্গিমার ছিটেফোঁটাও ছিল না রোবট দুটির মধ্যে। গতি থামানোর জন্য রাস্তার শেষে রাখা এক মোটা গদির ওপর সরাসরি গিয়ে আছড়ে পড়ে দুটিই।
এ সময় তিয়ানগং কিছুটা দিক সামলাতে না পেরে হেলে পড়লে আশপাশের দর্শকরা তাড়াহুড়ো করে সরে যেতে বাধ্য হন। অন্যদিকে ট্র্যাকে লুটিয়ে পড়া লাইটনিংকে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে সরিয়ে নিতে হয়েছে।
আয়োজকরা বলছেন, নাটকীয় এ সমাপ্তির পরও রোবট প্রযুক্তিতে গত বছরের তুলনায় এবার ভালো অগ্রগতি দেখা গেছে। প্রথম আসরে তিয়ানগং আল্ট্রা ২১ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার প্রতিযোগিতা জিতেছিল।
গত বছর বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পেয়েছিল তিয়ানগং।
এদিকে, শনিবারের মূল প্রতিযোগিতার আগে এক প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং ভালো পারফরম্যান্স দেখানোর কথা বলেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ওই পরীক্ষায় রোবটটি ১০০ মিটার দৌড় শেষ করতে সময় ডিনয়েছে কেবল নয় দশমিক ৩২ সেকেন্ড, যেখানে এর সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে প্রতি সেকেন্ডে ১৪ দশমিক পাঁচ মিটার।
এ বছরের হিউম্যানয়েড হাফ-ম্যারাথনে ৫০ মিনিট ২৬ সেকেন্ডে রেস শেষ করে শিরোপা জেতে লাইটনিং, যা পেশাদার বিশ্বমানের মানব অ্যাথলেটদের গড়া হাফ-ম্যারাথনের গড় গতির চেয়েও বেশ দ্রুত।
চীনা সংবাদমাধ্যম সিসিটিভি প্রতিবেদনে লিখেছে, হাফ-ম্যারাথনে অংশ নেওয়ার সময় লাইটনিংয়ের উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার ও পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। তবে ১০০ মিটার স্প্রিট গেইমসের মাঠে নামানোর ঠিক আগে রোবটটির পা আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে এক দশমিক ০৫ মিটার করেন গবেষকরা।
ফুটবল ম্যাচ, নাচ পরিবেশনা ও শিল্পকারখানার পারদর্শিতা পরীক্ষার মতো ৫১টি ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হওয়া এ ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেইমসে দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল এই ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা।
হিউম্যানয়েড রোবটকে গুরুত্বপূর্ণ ও কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও হার্ডওয়্যার প্রযুক্তির দ্রুত অগ্রগতিকে কাজে লাগিয়ে উৎপাদন, লজিস্টিকস এবং দৈনন্দিন ব্যবহারিক কাজে রোবটের বহুল ব্যবহার নিশ্চিত করতে জোর দিচ্ছে দেশটির নীতি নির্ধারক ও বিভিন্ন প্রযুক্তি কোম্পানি।
চীনের সবচেয়ে পরিচিত হিউম্যানয়েড রোবট নির্মাতা কোম্পানি ‘ইউনিট্রি’র শেয়ার কেনাবেচা গেল বুধবার সাংহাই স্টক এক্সচেঞ্জে শুরু হওয়ার পর তা এক লাফে পাঁচ গুণেরও বেশি হয়ে যায়। এতে বাজার মূল্যায়নে কোম্পানিটির বর্তমান মূলধন দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার কোটি ডলারে।
প্রযুক্তির এ জোয়ারে ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেইমস’-এর ব্যাপ্তিও বেড়েছে বহুগুণ। গত বছর প্রথম আসরে কেবল ২৮০টি দল অংশ নিলেও এবারের আসরে বিশ্বজুড়ে অংশ নিচ্ছে ছয়টি মহাদেশ ও ১৬টি দেশের ৬৬৬টি দলের মোট দুই হাজার ৫৬টি রোবট।
বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল’-এ আয়োজিত বড় এ গেমস চলবে বুধবার পর্যন্ত।
বাংলাদেশের খবর/আরইউ

