Logo

প্রযুক্তি

কক্ষপথে এক রকেটে ১৫ স্যাটেলাইট পাঠাল দক্ষিণ কোরিয়া

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৫:১৯

অ
কক্ষপথে এক রকেটে ১৫ স্যাটেলাইট পাঠাল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ রকেট ‘নুরি’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) উৎক্ষেপণের পর রকেটটিতে বহন করা ১৫টি স্যাটেলাইটই নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। 

দেশটির নিজস্ব প্রযুক্তি এবং একসঙ্গে এতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ ইতিহাসের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ মিশন হিসেবে বিবেচিত হচ্ছে। এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, কোরিয়া স্পেস লঞ্চ ভেহিকল-২ (কেএসএলভি-২) নামের তিন ধাপের তরল জ্বালানিচালিত রকেটটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে দেশটির গোহেউংয়ে অবস্থিত নরো স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। রাজধানী সিউল থেকে কেন্দ্রটির দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের পর রকেটটির প্রথম ধাপ, পেলোড ফেয়ারিং এবং দ্বিতীয় ধাপ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সফলভাবে বিচ্ছিন্ন হয়।

উৎক্ষেপণের প্রায় ১২ মিনিট ৩০ সেকেন্ড পর ৫৭৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছে নুরির তৃতীয় ধাপের ইঞ্জিন বন্ধ করা হয়। এরপর শুরু হয় নির্ধারিত কক্ষপথে একে একে স্যাটেলাইট স্থাপনের জটিল প্রক্রিয়া।

নুরির পঞ্চম উৎক্ষেপণ মিশনের প্রধান লক্ষ্য ছিল ন্যাশনাল সেফটির জন্য নিউ-স্পেস আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশনের (নিওনস্যাট) পাঁচটি ক্ষুদ্র স্যাটেলাইট নিরাপদে মহাকাশে পাঠানো। ৩৫ থেকে ৪০ সেকেন্ডের ব্যবধানে স্যাটেলাইটগুলো একে একে কক্ষপথে স্থাপন করা হয়।

এরপর আরও ১০টি ছোট আকারের একাডেমিক ও বাণিজ্যিক কিউবস্যাট (ন্যানোস্যাটেলাইট) জোড়ায় জোড়ায় ১০ সেকেন্ডের ব্যবধানে কক্ষপথে পাঠানো হয়।

এর আগে নুরির চতুর্থ উৎক্ষেপণে একটি প্রধান পেলোড ছিল। সে তুলনায় এবার একসঙ্গে ১৫টি স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে মিশনটির জটিলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মিশন শেষে নুরি সংঘর্ষ এড়াতে কয়েকটি নির্ধারিত কৌশলগত গতিপথ পরিবর্তন করবে। এরপর এটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে পুড়ে যাবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন