এক সময় ঢাকার অলিগলি কাঁপিয়ে বেড়ানো বাহন টমটম আজ যেন কেবল স্মৃতির পাতায় ঠাঁই নিচ্ছে। পুরান ঢাকার রাস্তায় ২০০ বছরের বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। আধুনিক যানবাহনের দৌড়ে টিকতে না পেরে হারিয়ে যেতে বসেছে ঢাকার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। একসময় শত শত ঘোড়ার গাড়ি রাজত্ব করত এই নগরে। আজ গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত মাত্র ২৫টি টমটমই টিকে আছে। যাতায়াতের ভাড়া মাত্র ৩০ টাকা—তবু যাত্রী নেই। চালকরা বলছেন, আগে দিনে দিনে রোজগার হতো বেশ, এখন খাদ্যের দাম আর রাস্তায় জ্যামের কারণে ঘোড়া চালিয়ে সংসার চালানো দায়।

