পাগলা মসজিদে সর্বোচ্চ রেকর্ড, দান ছাড়াল ৮ কোটি টাকা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের পরিমাণ ছাড়িয়ে গেছে আগের সকল রেকর্ড। এবার ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত।
এর আগে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় পাগলা মসজিদের ১১টি সিন্ধুক খোলা হয়। যেখানে পাওয়া যায় ২৯ বস্তা টাকা। বস্তা ভর্তি এসব টাকা সকাল ৮টায় মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা, বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
টাকা গণনা কাজে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন সেনা সদস্য, ১৭ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার সদস্য, মাদ্রাসার ২৮২ জন শিক্ষার্থী, ৩৬ জন শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করে।
দানবাক্স খোলার সময় সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সেনাবাহিনী কিশোরগঞ্জ ক্যাম্পের সার্জেন্ট বিপ্লব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
এর আগে, চলতি বছরের ১৭ আগস্ট পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩ মাস ২৬ দিনে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে।
মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
আব্দুর রউফ ভুঁইয়া/এমআই/এনআর

