বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণদের জন্য বহুল প্রত্যাশিত ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৫’। শনিবার (৩ মে) বিটিইসি ক্যাম্পাসে আয়োজিত এই ফেস্টে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।
এক্সিলেন্স বাংলাদেশ, জেসিআই ঢাকা হেরিটেজ, বিজ্ঞান ও গবেষণা ক্লাব বিটিইসি এবং ক্যারিয়ার ক্লাব বিটিইসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে দেশের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের কর্পোরেট নেতৃত্ব গড়ে তুলবে। শুধু ডিগ্রি নয়, ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং লক্ষ্য স্থির রেখে কাজ করার মানসিকতা।
তারা আরও বলেন, এমন আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার পরিসর বিস্তৃত করা এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার একটি বড় সুযোগ।
তারা যোগ করেন, এই আয়োজনের মাধ্যমে বরিশালের তরুণদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করার নতুন মাত্রা যোগ হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন চলমান থাকবে।

