ভূমিকম্পে ঘটে যাওয়া হৃদয় কাঁপান এক ঘটনার বর্ণনা করেছেন বাংলাদেশ নবজাতক হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোঃ মুজিবুর রহমান। এমন উদাহরন বিশ্বে বিরল। তার ভাষাতেই ঘটনাটি তুলে ধরা হল।
২১ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩৮। হঠাৎ পুরো ঢাকা যেন থমকে গেল এক প্রচণ্ড ভূমিকম্পে। সবাই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে কেউ সিঁড়ির দিকে, কেউ খোলা মাঠে।
কিন্তু বাংলাদেশ নবজাতক হাসপাতালের NICU-তে ঘটে গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য।
সিসিটিভি ফুটেজে দেখা যায় মাটি প্রচণ্ডভাবে কাঁপছে, হাসপাতালের দেয়াল দুলছে… আর ঠিক সেই মুহূর্তে ডাক্তার ও নার্সরা নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা না করে দু’হাতে ধরে রেখেছেন বাচ্চাদের বেড, ইনকিউবেটর আর ভেন্টিলেটর।
যেন পুরো পৃথিবী কাঁপুক, কিন্তু নবজাতকগুলো যেন না কাঁপে। তারা দাঁড়িয়ে থেকেছেন সেই ছোট্ট জীবনের পাশে যারা নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না।এটা শুধু দায়িত্ববোধ নয় এটা মানবতার সবচেয়ে নির্মল রূপ।

