ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। প্রেম, বিয়েসহ নানা কিছু নিয়ে আলোচনায় এসেছেন বেশ কয়েকবার।
বছরখানেক হয় সন্তানকে নিয়ে একাকী জীবন কাটাচ্ছেন ঢালিউডের এই তারকা। সন্তানের সাথে বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় তাকে। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও পরী বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনও কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’
তবে পরীমণির এমন ঘোষণার ছয় মাসের মাথায়ই এলো নতুন আরেক ঘোষণা। জানালেন আবারও প্রেমে পড়েছেন তিনি। তবে প্রেমিক কে তা রেখে দিলেন আড়ালেই।
সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি। ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন পরীমণি।
পরীর প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিন আজ। আর সেদিনেই নিজের নতুন প্রেমের কথা জানিয়ে আবারও আলোচনায় এলেন তিনি। তবে এবারের আলোচনা যেন একটু ভিন্ন। ভিডিওটি দেখার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত পরীমণির ভক্ত-অনুরাগীরা। ভিডিওর নিচে কমেন্টবক্স জুড়ে সবার শুভকামনা অবশ্য তাই প্রমাণ করে। প্রিয় অভিনেত্রী ভালো থাকুক সবাই যেন এটাই চায়।
৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমণিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস। সিরিজ মুক্তির পর থেকেই পরীমণির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা।
এফএটি/এমএইচএস

