Logo

ভিডিও

‘১৫ বছর সংগ্রাম করে পারিনি, ফাইনাল গোলটা ছাত্ররা দিয়েছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৭:১৫

অ

১৫ বছর সংগ্রাম করে আমরা পারিনি, ফাইনাল গোলটা ছাত্ররা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ সভা আয়োজন করে। 

বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। ১৫ বছর লড়াই-সংগ্রাম করে আমরা তাকে ধাক্কা দিয়ে সরাতে পারিনি। তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে। এটা স্বীকার করতেই হবে। এটাকে (ছাত্রদের কৃতিত্ব) আমরা অনেকে অস্বীকার করতে চাই। কিন্তু এটা তো সত্য।’

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তারা অত্যন্ত যোগ্য মানুষ। কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। ফলে দ্রুত নির্বাচন না দিলে দেশের অনেক সমস্যা বাড়বে।’

ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচিত হলে আমরা একা দেশ চালাব না। একটি জাতীয় সরকার গঠন করব। যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল, তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে।’

অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে মির্জা ফখরুল বলেন, ‘সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই, সরকার সাফল্য অর্জন করুক। আপনাদের সাফল্য মানে আমাদের সাফল্য। আপনারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগের দুঃশাসন আবার আসুক।’

দেশের সবচেয়ে বেশি ক্ষতি শেখ হাসিনা করেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘৫৩ বছরে আমরা কী সাফল্য অর্জন করেছি শিক্ষাখাতে, বিশ্বের এক হাজার ইউনিভার্সিটি মধ্যে আমাদের একটি ইউনিভার্সিটি সিরিয়ালে আসে না। কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি না। শেখ হাসিনা দেশের সব অর্জন ১৫ বছরে শেষ করেছেন।’

জিয়া সাহস করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব যখন ফেল করেছিল, জিয়াউর রহমান তখন সাহস করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেছিলেন। তাই জনগণই জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল।‘

ফখরুল বলেন, ‘দেশে গার্মেন্টস শিল্প, রেমিটেন্স, উচ্চ ফলনশীল ধানের সূচনা হয়েছিল শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে। নারীর ক্ষমতায়নে কাজ করেছিলেন তিনি। কীভাবে আমরা তার অবদান ভুলি? তিনি বিশ্বাস করতেন গণতন্ত্রই একমাত্র রাস্তা।’

ডিআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন