চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতরণ করল চাকসু
আন্তর্জাতিক হিজাব দিবস
চবি সংবাদদাতা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৩
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও হিজাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হিজাব বিতরণ কর্মসূচি পালন করেছে চাকসু। আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় এ কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও হিজাব বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার দীপা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চাকসুর সহ-দপ্তর সম্পাদক জানাতুল আদন নুসরাত।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ইসমাত আরা পারভীন, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদা সুমি ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শামসুননাহার মিতুল।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, হিজাব নারীর মর্যাদা, আত্মসম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক। বর্তমান বিশ্বে নারীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় হিজাব দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়।
চাকসু নেতৃবৃন্দ বলেন, নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান জাগ্রত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

